Home » স্নান করতে নেমে তলিয়ে গেল  ৪ যুবক, নিখোঁজদের সন্ধানে দামোদরে তল্লাশি

স্নান করতে নেমে তলিয়ে গেল  ৪ যুবক, নিখোঁজদের সন্ধানে দামোদরে তল্লাশি

সময় কলকাতা ডেস্ক:  আবারও দামোদরের আগ্রাসী জলধরায় তলিয়ে গেল  ৪ যুবক।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার উদয়নারায়ণপুরের সাহাচকে।  জানা গিয়েছে, নিখোঁজ চার জনের নাম সুমন সাঁপুই, শুভজিৎ মণ্ডল, তন্ময় দাস, স্বর্ণেন্দু পাত্র। চার যুবকের বাড়ি হাওড়ার শানপুরে। ঘটনার কথা জানাজিনি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রচুর মানুষ ভিড় জমান নদীর চরে।

ওই যুবকরা কালীপূজা উপলক্ষে সাহাচকে এক আত্মীয়র বাড়ি গিয়েছিল। শুক্রবার  প্রায় ১১ জন যুবক সাহাচক এলাকায় নদীঘাটে স্নান করতে এসে অতিরিক্ত মদ্যপান করে। এদের মধ্যে ৫ জন যুবক সাঁতার না জানা সত্ত্বেও জলে নেমে বালি খাদানে পড়ে যায়। এলাকার স্থানীয় দুই বাসিন্দার চেষ্টায় এক যুবক প্রাণে বেঁচে যায়। বাকি চার জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। স্নানের জন্য এই জায়গা বিপদজ্জনক, এই নিয়ে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে জানান এক নিখোঁজ যুবকের আত্মীয়।

চার যুবক তলিয়ে যাওয়ার ঘটনা জানাজানি হতেই হাওড়ার শানপুরে নিখোঁজ যুবকদের পরিবারে চরম উৎকন্ঠা দেখা দেয়। অনেকেই খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে যান। যুবকরা নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওসি সহ পুলিশবাহিনী। ৪ যুবকের খোঁজে নামানো হয়েছে ডুবুরি। পাশাপাশি নৌকোয় করে জাল ফেলে  ৪ জনের খোঁজ চালানো হয়। আত্মীয়ের বাড়িতে গিয়ে এতবড় দুর্ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।

 

About Post Author