Home » স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হল আবাসনের বাসিন্দাদের

স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হল আবাসনের বাসিন্দাদের

সময় কলকাতা ডেস্কঃ পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্যের সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে  উন্নত চিকিৎসার সুযোগ দিয়েছেন।কোনও  ব্যক্তি রোগের শিকার হলে রাজ্যের সরকারি হাসপাতালের পাশাপাশি বিশেষ কিছু বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করাতে পারবেন বিনামূল্যে। সেই সুবিধার কথা মাথায় রেখে এই কার্ড মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে দুয়ারে সরকারের মধ্য দিয়ে। শনিবার কলকাতার সাউথ সিটি আবাসনের মানুষজনের হাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সুযোগ-সুবিধা তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।

সমাজের সর্বস্তরের মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। চিকিৎসা করাতে গিয়ে যাতে সাধারণ মানুষকে কোন রকম সমস্যার মধ্যে পড়তে না হয় তাই প্রত্যেকের কাছে কার্ড পোঁছে দিতে তৎপর সরকার । এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলকাতা পুরসভা অগ্রণী ভুমিকা নিয়েছে। বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমারের উপস্থিতিতে এদিন সাউথ সিটি আবাসনে দুয়ারে সরকারের উদ্যোগে  প্রায় আড়াইশো জন মানুষের হাতে স্বাস্থ্যসাথী কার্ড  তুলে দেওয়া হল ।

আবাসনের একাধিক ষাটোর্ধ্ব ব্যক্তি রয়েছেন যাঁরা বাড়িতে বসে এই ধরনের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সুযোগ-সুবিধার কার্ড হাতে পেলেন। আবাসনের এক বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দত্ত জানান, এটা নজিরবিহীন। রাজ্য সরকারের সাফল্য বলে মনে করছেন তিনি। আবাসনে বসে স্বাস্থ্য সাথী কার্ড হাতে পাওয়ার জন্য সাউথ সিটি আবাসনের নাগরিকরাও যথেষ্ট খুশি।

About Post Author