সময় কলকাতা ডেস্কঃ স্বাস্থ্যকেন্দ্র থাকলেও বেশিরভাগ সময়ই দেখা মেলে না চিকিৎসকের। প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। জলপাইগুড়ির ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা।
গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন মাত্র একজন চিকিৎসক। তবে, তাঁকেও মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায়না স্বাস্থ্যকেন্দ্রে। নিত্যদিনই ভোগান্তিতে রোগীরা। অবশেষে প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের তালা বন্ধ করে রাখলেন ক্ষুব্ধ স্থানীয়রা। জলপাইগুড়ির ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক চলেন নিজেরই মর্জিতে। মাঝে মধ্যেই উধাও হয়ে যান তিনি। চিকিৎসার জন্যে স্বাস্থ্যকেন্দ্রে গেলে খোঁজ পাওয়া যায় না তাঁর। জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েকবার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা। তবে, অভিযোগ অমিল সুরাহা। বারবার ঊর্ধতন কর্তৃপক্ষের আশ্বাস মিললেও অমিল সমাধান। ৫০ হাজার মানুষের নির্ভরযোগ্য এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান পরিস্থিতি এটাই। শেষে, স্থানীয়দের চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল শুক্রবার। স্বাস্থ্যকেন্দ্রের গেটে তালা ঝোলালেন গ্রামবাসীরা।

প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। বেশ কিছুক্ষণ প্রতিবাদ চলার পর পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয় স্বাস্থ্যকেন্দ্রের। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষকে প্রশ্ন করলে তিনি সাফ জানান, বিষয়টি নিয়ে তাঁর কিছুই বলার নেই ! সবটুকুই জেলা স্বাস্থ্য আধিকারিক জানাবেন। জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন। পরিষেবা প্রশ্নের মুখে থাকলেও জারি দায় এড়ানোর চেষ্টা। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব বিজেপি নেতৃত্ব। যদিও, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শাসক দলের নেতৃত্ব। অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থে ৩৫ লক্ষ টাকা অনুমোদন হলেও কাজ শুরু হয়নি এখনও। গ্রামবাসীদের আর্জি, দ্রুত সমস্যার সমাধান হোক।


More Stories
শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রে ধৃত জঙ্গি
জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ
মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার