Home » কলকাতায় পা রাখলেন জ্যাকলিন

কলকাতায় পা রাখলেন জ্যাকলিন

সময় কলকাতা ডেস্কঃ ছবির প্রচারে মাঝে মধ্যেই কলকাতায় আসেন বলিউডের তারকারা। তবে এবার ছবির প্রচারে নয়, হঠাৎই শহর কলকাতায় পা রাখলেন জ্যাকলিন ফার্নান্দেজ। তিলোত্তমায় এসেই তিনি সোজা চলে গেলেন কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে।

কিন্তু কী কারণে জ্যাকলিনের কলকাতা দর্শন তা এখনও জানা যায়নি। সম্প্রতি ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। সেই জন্য অভিনেত্রীর ভারতের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের কাছে দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন জ্যাকলিন। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষ অনুমতি পান অভিনেত্রী। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক প্রতারণায় নাম জড়ায় জ্যাকলিনের। শোনা গিয়েছে কনম্যান সুকেশের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জ্যাকলিন। গত বছরের শুরুর দিকে সুকেশ-জ্যাকলিনের কথাবার্তা শুরু হয়। তারপর থেকে জ্যাকলিনকে বহুমূল্যের উপহারও দিয়েছেন সুকেশ। পাশাপাশি ন’লাখ টাকার পার্সি বিড়াল, ৫২ লাখ টাকার ঘোড়া, বিএমডব্লিউ গাড়ি- এ সবই আছে সেই তালিকায়। শুধু তাই নয়, অভিনেত্রীকে হিরের আংটি দিয়ে প্রেম নিবেদনও করেছিলেন সুকেশ।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই নিজের পরবর্তী হলিউড প্রোজেক্ট ‘টেল ইট লাইক আ উওম্যান’-এর কথা ঘোষণা করেন জ্যাকলিন। ২০১৫ সালে একটি ব্রিটিশ ছবিতে কাজ করেন তিনি। যেটির নাম ছিল ‘ডেফিনিশন অব ফিয়ার’। চলতি বছরে মুক্তি পেয়েছে তাঁর ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘অ্যাটাক’ ছবি দুটি। যদিও ছবি দু’টির মধ্যে একটিও সাফল্য পায়নি বক্স অফিসে।

About Post Author