Home » দেশপ্রেমের সাহস! চোখের ভেতর জাতীয় পতাকা!

দেশপ্রেমের সাহস! চোখের ভেতর জাতীয় পতাকা!

সময় কলকাতা ডেস্কঃ দেশমাতৃকাকে বন্দনা করে নিতে, স্বাধীনতার ৭৫ তম বছরটিকে উদযাপন করতে প্রস্তুত ভারতীয়রা। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরণের অনুষ্ঠান, কর্মসূচিতে ব্যস্ত তাঁরা। দেশের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঘরে ঘরে উঠছে জাতীয় পতাকা। কিন্তু কখনও কি দেখেছেন, জাতীয় পতাকার ছবি চোখে দেখা যাচ্ছে? এমনই এক অসাধ্য সাধন করেছেন তামিলনাড়ুর মিনিয়েচার শিল্পী ইউএমটি রাজা। তাঁর এই কাণ্ড দেখে রীতিমত হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।

কথায় বলে চোখ দেখলে বোঝা যায়, কে কেমন মানুষ। সেই চোখেই ভারতের জাতীয় পতাকা ছেপে দিয়েছেন ইউএমটি রাজা। পেশায় মিনিয়েচার শিল্পী হওয়ায়, তাঁর কাছে এই কাজটা যেমন আশাতীত ছিল, তেমনই ভয়ঙ্কর। তাই এই ছবি আদতে চোখে বসানো ঠিক হবে কিনা, তা নিয়ে শিল্পী চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিয়েছিলেন। কারণ রঙের কারণে চুলকানি এবং তা থেকে অ্যালার্জি হতেই পারে। তাই পড়াশোনা করেই আঁটঘাঁট বেঁধে এই অসাধ্য সাধন করেছেন ইউএমটি রাজা। প্রথমে তিনি ডিমের সাদা অংশের উপর পাতলা ফিল্মজাতীয় কাপড় রেখে তাতে জাতীয় পতাকা এঁকে নেন। এরপর খুব সচেতনভাবে সেই ছবিই চোখের স্ক্লেরাতে প্রতিস্থাপন করেন। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় তিন ঘন্টারও বেশি সময় লেগেছে শিল্পীর। যদিও এই প্রথম নয়, মিনিয়েচার শিল্পী হিসেবে একটি সূচের মধ্যে দাবার ঘুঁটি সাজানো কিংবা পেনসিলে শিসে স্বাক্ষর খোঁদাই করার মত কাজ করেও তিনি নজর কেড়েছেন নেট পাড়ায়।

তবে চোখের মত স্পর্শকাতর অঙ্গে জাতীয় পতাকা অঙ্কনের বিষয়টিতে প্রশংসার পাশাপাশি বিপুল সমালোচনা কুড়িয়েছেন তিনি। অনেকেই এই ছবির কারণে শিল্পীর স্বাস্থ্যের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে শিল্পী সবটুকুর পরে পরামর্শ দিয়েছেন, এই কাজ যেন কোনও সাধারণ মানুষ করার কথাও না ভাবেন। এতে চোখের উপর দীর্ঘস্থায়ী কুপ্রভাব পড়তে পারে। তৈরি হতে পারে নানান সমস্যাও।

About Post Author