Home » দেশ জুড়ে নিষিদ্ধ হল VLC

দেশ জুড়ে নিষিদ্ধ হল VLC

সময় কলকাতা ডেস্কঃ ভিডিও প্রেমীদের জন্য দুঃসংবাদ। কেননা ভারতে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হল জনপ্রিয় ভিএলসি মিডিয়া প্লেয়ার। জানা গিয়েছে,ভিডিও ল্যান প্রোজেক্টের তৈরি এই মিডিয়া প্লেয়ারটিকে দু’মাস আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যাঁদের ডিভাইসে ইতিমধ্যেই ভিএলসি অ্যাপটি ইনস্টল করা আছে, তাঁরা এখনও এই প্লেয়ারটি ব্যবহার করতে পারবেন। যদিও, কেন্দ্র অথবা কোম্পানির তরফে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কিছুই জানানো হয়নি। সূত্রের খবর,কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশেই ভিএলসি প্লেয়ার বন্ধ হয়েছে।

মিডিয়া প্লেয়ারগুলির মধ্যে অতি জনপ্রিয় ভিএলসি। এই প্ল্যাটফর্মে প্রায় সব ধরনের ভিডিওই চালানো যায়। এমনকী অন্য প্লেয়ারে যা সাপোর্ট করে না, ভিএলসি-তে তা অনায়াসে চলে। সূত্রের খবর,সাইবার হানার জন্য ভিএলসি প্লেয়ারকে কাজে লাগানোর চেষ্টা করছিল চিনা অধীনস্ত হ্যাকিং গ্রুপ সিসাডা। সম্প্রতি সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভিএলসি প্লেয়ারের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়ার কাজ করছিল সিসাডা। ভবিষ্যতে বড়সড় সাইবার হামলার ছকেরও প্ল্যান করা হচ্ছিল বলেই জানা গিয়েছে। কার্যত সেকারণেই নিষিদ্ধ করে দেওয়া হয় ভিএলসি প্লেয়ার। দেশ তথা আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন সংস্থা এই সিসাডা-কে নিরাপত্তার জন্য ক্ষতিকর হিসাবেই মনে করছে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে। অনেকে স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন, এখন আর চেষ্টা করলেও এই জনপ্রিয় মিডিয়া প্লেয়ারটি আর ডাউনলোড করা যাচ্ছে না। এর আগেও তথ্য চুরির অভিযোগে একাধিক গেম এবং একাধিক অ্যাপ্লিকেশন ব্যান করেছিল সরকার।

About Post Author