Home » স্বাদ বদলাতে জিভে জল আনা কই পাতুরি

স্বাদ বদলাতে জিভে জল আনা কই পাতুরি

সময় কলকাতা ডেস্কঃ

পাতুরি মানেই কি ইলিশ? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক কই পাতুরি। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। বাজারে এখন ভালো কই পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন লাউ পাতায় কই পাতুরি। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

কই মাছ-৫টি

পেঁয়াজ কুচি-আধ কাপ

আদা বাটা-আধ চা চামচ

রসুন বাটা-আধ চা চামচ
ধনে গুঁড়ো-১ টেবিল চামচ
জিঁরে গুঁড়ো-১ চা চামচ
লঙ্কার গুঁড়ো-১ চা চামচ
চেরা কাঁচালঙ্কা-৫টি
নুন-স্বাদ মতো
সর্ষে বাটা-১ টেবিল চামচ

রন্ধন প্রণালী

প্রথমেই লাউপাতা ও কই মাছগুলি পরিষ্কার করে রেখে দিন। রান্নার সময়ে মাছে মশলা যাতে ঢোকে,তার জন্য মাছের দুপিঠে হালকা চিরে নিতে পারেন। এবার কাঁচালঙ্কা ছাড়া বাকি সব মশলাগুলি একসঙ্গে মিশিয়ে মাছে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। আধ ঘণ্টা পরে মশলা মাখানো মাছগুলি কাঁচালঙ্কা-সহ লাউপাতায় মুড়ে বেঁধে সুতো দিয়ে বেঁধে দিন। এবার একটি কড়াইয়ে জল গরম বসান। জল ফুটে উঠলে লাউপাতায় মোড়া কইমাছগুলি জলের মধ্যে ছেড়ে দিন। এরপর মাঝারি আঁচে ২০-২৫ মিনিট ভাপিয়ে নিন। জল শুকিয়ে এলেই ব্যস রান্না তৈরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় কই মাছের পাতুরি।

About Post Author