Home » ফের টয় ট্রেনের লাইনে ধস

ফের টয় ট্রেনের লাইনে ধস

সময় কলকাতা ডেস্কঃ ক্রমশই জটিল হচ্ছে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল উত্তরবঙ্গ। ফের টয় ট্রেনের লাইনে নামল ধস। বৃহস্পতিবার সকালে রংটং-তিনধারিয়ার মাঝে টয় ট্রেনের লাইনে ধস নামে। ফলে এদিন সকালেই যাত্রী নিয়ে দার্জিলিং থেকে এনজেপির উদ্দেশ্যে যে টয় ট্রেনটি রওনা দিয়েছিল। সেই টয় ট্রেনের যাত্রীদের মাঝপথেই নামিয়ে দেওয়া হয়। ফলে বিপাকে পড়েন তাঁরা।

জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি থেকে ২৭ জন যাত্রী দার্জিলিং যাওয়ার জন্য টয় ট্রেনে বুকিং করেছিলেন। কিন্তু,ধস নামার কারণে বাতিল হয়ে যায় এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। এমনকী লাইনের মাঝে ধস নামায় একেবারে শেষ মুহূর্তে যাত্রীদের বুকিংও বাতিল করে দেওয়া হয় বলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে। তবে এদিনের মতো এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বাতিল হলেও শুক্রবার ট্রেন চলবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ধস সরিয়ে টয় ট্রেন লাইনের অবস্থা খতিয়ে দেখার পরই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর এ.কে মিশ্র।

এদিন কেবল টয় ট্রেন লাইনেই নয়, শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়কে ২৯ মাইলের কাছেও ধস নামে। যার জেরে সকালের দিকে একেবারে ওই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলার দিকে রাস্তা পরিষ্কার করে একপাশ দিয়ে যান চলাচল শুরু হয়। এছাড়া সিকিমের বেশ কয়েকটি জায়গাতেও ধস নামে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরেই সিকিম সহ পাহাড়ে ধস নামে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

About Post Author