Home » বৌদির গায়ে গরম তেল ঢেলে গ্রেফতার

বৌদির গায়ে গরম তেল ঢেলে গ্রেফতার

সময় কলকাতা ডেস্ক :

বচসার জের, বৌদির গায়ে গরম তেল ঢেলে দিল ননদ

বৌদির গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল গুণধর ননদের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বিবেকানন্দ নগর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আক্রান্ত গৃহবধূকে ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় সোনারপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ননদের নাম অনিতা মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি সন্দেশখালি থানার এলাকার ধামাখালিতে। বেশ কয়েক মাস হল বিবেকানন্দ নগর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন তারা। সেখানেই বেশ কয়েকদিন ধরেই বৌদি ও ননদের সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছিল। এমনকী মাঝে মাঝে বৌদি ও ননদের সঙ্গে বচসাও বেধে যেত। শনিবার সেই বচসাই বড় আকার ধারণ করেছিল। এদিন ঝামেলা এমন পর্যায় পৌঁছেছিল যে রাগের মাথায় নিজেকে ঠিক রাখতে পারেননি অভিযুক্ত। সেই রাগের বসে বৌদির গায়ে গরম তেল ঢেলে দেয় অভিযুক্ত ননদ। সঙ্গে সঙ্গেই ঝলসে যায় গোটা শরীর। এরপরই আক্রান্ত গৃহবধুর চিৎকার করতে শুরু করেন। সেই চিৎকার শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। এরপরই আক্রান্তের স্বামী তড়িঘড়ি তাকে নিয়ে সোনারপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে।


অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ নার্সিংহোমে পৌঁছে ওই গৃহবধূর বয়ান রেকর্ড করে। সেই বয়ান রেকর্ডের পরই গুণধর ননদ অনিতা মন্ডলকে জয়নগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

যদিও গায়ে গরম তেল ঢালার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ননদ। জানা গিয়েছে তাকে বারুইপুর আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের আবেদন জানাবে নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author