সময় কলকাতা ডেস্কঃ কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য।
মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে সিবিআই অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওএমআর শিট নষ্ট করার অভিযোগের কোন সদুত্তর পর্ষদ দিতে না পারায় মঙ্গলবার এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাজিরা দিলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এদিন তার পরিবর্তে মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ একটি দু’পাতার চিঠি নিয়ে সিবিআই দপ্তরে পৌঁছন তাঁর আইনজীবীরা। ওই চিঠিতে সুপ্রিম কোর্টের রক্ষাকবচের কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বুধবার দুপুর ২টোয় রয়েছে সুপ্রিম কোর্টে মামলার শুনানি । আর সে কারণেই এই মুহুর্তে দিল্লিতেই রয়েছেন মানিক। তাই সিবিআই দপ্তরে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করার যে অভিযোগ উঠেছে, সেই মামলায় জেরা করতেই মানিককে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতা করলে মানিককে গ্রেফতার করা হতে পারে বলেও জানিয়ে দেয় আদালত। এক মাসের মধ্যে অর্থাৎ ১ নভেম্বর সেই তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার