Home » ৪৮ ঘণ্টার জন্য স্বস্তিতে মানিক

৪৮ ঘণ্টার জন্য স্বস্তিতে মানিক

সময় কলকাতা ডেস্কঃ আরও ৪৮ ঘণ্টার জন্য স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বুধবার মানিকের রক্ষাকবচের মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কোনও কেন্দ্রীয় সংস্থা মানিককে গ্রেফতার করতে পারবে না। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল থাকছে। প্রাথমিকের প্রায় ১২ লক্ষ উত্তরপত্র উধাও মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে সিবিআই অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওএমআর শিট নষ্ট করার অভিযোগের কোন সদুত্তর পর্ষদ দিতে না পারায় মঙ্গলবার এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাজিরা এড়িয়ে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। বুধবার সুপ্রিম কোর্টে সেই মামলায় আরও ২ দিনের রক্ষাকবচ দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যকে।

উল্লেখ্য, যোগ্য প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারী শান্তনু শিট এবং রাহুল চক্রবর্তীর মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, সমস্ত রেকর্ড নষ্ট হয়ে গেছে। ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু’বার নিয়োগ হয়েছিল। একবার ২০১৬ ও দ্বিতীয়বার ২০২০ সালে। প্রথম ধাপে ৪২ হাজার শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে জানা যায় ১৬ হাজার ৫০০ শূন্যপদ রয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জানা যায় আরও ৩৯২৯ টি শূন্যপদ রয়েছে। শূন্যপদ থাকতেও চাকরি দেওয়া হয়নি কেন? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। সেই মামলার শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। জানা গিয়েছে, ২০ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিল।

About Post Author