Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক: উৎসবের মরশুমে আনন্দে মাতবে বাঙালি। নীল আকাশে সাদা মেঘের ভেলা। এর মাঝেও রয়েছে নিম্নচাপের হাতছানি। আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। যদিও সকাল থেকেই রোদের দেখা মিলেছে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।

বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের ছয় জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

About Post Author