Home » ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারিঃ এক সপ্তাহের ব্যবধানে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার ভোর ৩টে ৫৯ মিনিটে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল ছিল সমু্দ্রগর্ভ। তার জেরে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে ব্যাপক আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এর আগেও গত ১০ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৭। এদিন রাত ৩টে নাগাদ তানিম্বার অঞ্চলে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার দক্ষিণ-পশ্চিমের তুয়াল এলাকা। ২ হাজার কিলোমিটার দূরে অস্ট্রেলিয়াতেও এই কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ায় ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

প্রসঙ্গত, এর আগে গত নভেম্বর মাসেই ভয়াবহ ভূমিকম্প কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাকার্তা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে জাভার পশ্চিম দিকের এলাকা চিয়ানজুড়ে কম্পনের উৎসস্থল ছিল বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া গিয়েছিল। এরপরই মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। আহত হয়েছেন আরও ৩০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে,ভূমিকম্পের পরই ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল। সূত্রের খবর,ভূমিকম্পের জেরে ২ হাজার ২০৫টি বাড়ি ভেঙে পড়েছিল এবং ৫ হাজার ২৯৬ জন আশ্রয়হীন ছিল। এমনকী বিদ্যুতের জোগানও বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল।

About Post Author