Home » আজ ‘রোজ ডে’, জানেন এই গোলাপের দাম মার্সিডিজ-বিএমডব্লিউ গাড়ির থেকেও বেশি!

আজ ‘রোজ ডে’, জানেন এই গোলাপের দাম মার্সিডিজ-বিএমডব্লিউ গাড়ির থেকেও বেশি!

সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারি: শুরু হয়ে গেল প্রেমের সপ্তাহ। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ গোটা বিশ্বেই রোজ ডে বা গোলাপ দিবস হিসেবেই খ্যাত। এদিন থেকেই প্রেম নিবেদন বা প্রেম সপ্তাহ যাপনের পালা শুরু হয়, শেষ হয় ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-র দিন। রোজ ডে, অর্থাৎ আপনাম প্রিয়তম মানুষটিকে একটি বা একগুচ্ছ গোলাপ দিয়ে আন্তরিকতা প্রকাশের দিন। ফলে আজকের দিনে গোলাপের দামও থাকে আকাশছোঁয়া। যদিও ভারতের চলতি বাজারে প্রকারভেদে গোলাপের দাম খুব একটা বেশি থাকে না। ৫০-১০০ বা বড়জোর ২০০ টাকার মধ্যে সুন্দর একটি গোলাপ পাওয়া যায়। কিন্তু যদি শোনেন, এমন একটি গোলাপ ফুল রয়েছে, যা কিনতে পকেটের জোর অনেকটাই বেশি থাকতে হবে! যেমন গোলাপটির দাম একটি হিরের নেকলেসের সমান, বা একটি মার্সিডিজ বা বিএমডব্লিউ গাড়ির থেকেও বেশি! তাহলে আঁতকে উঠতে বাধ্য হবেন আপনি। হ্যাঁ ঠিকই পড়ছেন, এমনও কিছু প্রজাতির গোলাপ পাওয়া যায়, যা একেকটির দাম আকাশছোঁয়া।

“জুলিয়েট রোজ” নামের এক গোলাপ পৃথিবীর সবচেয়ে দামি গোলাপের মর্যাদা পায়। এই প্রজাতির একেকটি গোলাপের দাম হাজার বা লক্ষ টাকা না, একেবারে শত কোটি টাকা। কী, পড়েই চোখ ছানাবড়া হয়ে গেল তো? ঠিকই পড়ছেন মশাই, একটি “জুলিয়েট রোজ” কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ১১২ কোটি টাকা। আসলে জুলিয়েট গোলাপ বিভিন্ন প্রজাতির গোলাপের মিশ্রণে তৈরি হয়েছে। জানলে অবাক হবেন, প্রথম জুলিয়েট গোলাপ ফুলটি ফুটতে সময় লেগেছিল প্রায় ১৫ বছর। ২০০৬ সালে অস্টিন নামে এক ব্যক্তি এই প্রজাতির গোলাপ বিশ্বের সামনে এনে তাক লাগিয়ে দিয়েছিলেন।

তখন দাম পড়েছিল ৯০ কোটি টাকার কাছাকাছি সময়ের সঙ্গে এর দাম আরও বেড়েছে। কালক্রমে তা ১০০ কোটি ছাড়িয়েছে। বর্তমানে জুলিয়েট গোলাপ চাষ করতেই খরচ হয় তিন কোটি টাকা। ফলে বুঝতেই পারছেন কেন এর এত দাম। অন্যান্য গোলাপ ফুলের সঙ্গে জুলিয়েট গোলাপকে আলাদা করে এর সুবাস। খুব হালকা মিষ্টি সুবাস, অনেকটা পারফিউমের মতো ছড়িয়ে যায় আশেপাশে। এই উদ্ভাবকের দাবি, রোমিও-জুলিয়েটের নাটক থেকেই বিশ্বের সবচেয়ে দামি গোলাপের নামকরণ করা হয়েছে।

About Post Author