Home » বাস্তবের ‘থ্রি ইডিয়টস’! হোয়াটসঅ্যাপ ভিডিও কলে সন্তান প্রসব করালেন চিকিৎসক

বাস্তবের ‘থ্রি ইডিয়টস’! হোয়াটসঅ্যাপ ভিডিও কলে সন্তান প্রসব করালেন চিকিৎসক

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ওই দৃশ্যটার কথা আপনাদের নিশ্চই মনে আছে? যেখানে র‌্যাঞ্চো তথা আমির খান ভিডিও কলের সাহায্যে সন্তান প্রসব করিয়েছিলেন। বাস্তবে এমনই একটি ঘটনা ঘটল ভারতের উত্তর প্রান্তের কাশ্মিরের প্রত্যন্ত এক গ্রামে। এখানেও ভিডিও কলের মাধ্যমে সন্তান প্রসব করালেন ওই গ্রামের এক সন্তানসম্ভবা মহিলাকে। তবে তাঁকে সাহায্য করলেন ওই গ্রামের স্বাস্থ্যকর্মীরা।

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, কাশ্মীরের কুপওয়ারা জেলার প্রত্যন্ত গ্রাম কেরান স্বাস্থ্যকেন্দ্রে প্রসবযন্ত্রনা নিয়ে এক অন্তঃসত্ত্বা মহিলা পৌঁছন। কিন্তু ওই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না। অপরদিকে অতিরিক্ত বরফ থাকায় অ্যাম্বুলেন্সে বা হেলিকপ্টারে ওই মহিলাকে জম্মু বা শ্রীনগরে নিয়ে যাওয়ার পরিস্থতিও ছিল না। তখনই মুসকিল আসানের ভূমিকায় অবতীর্ণ হন শহরের চিকিৎসকরা। হোয়াটসঅ্যাপ ভিডিও কলেই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ওই মহিলার সন্তান প্রসব করান।

জানা যাচ্ছে কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম থেকে কেরান স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনোর আগে ওই মহিলা প্রায় ৬ ঘণ্টা প্রসবযন্ত্রনা সহ্য করেন। কিন্তু ধীরে ধীরে তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। কিন্তু রাস্তায় বরফ থাকায় তাঁকে দ্রুত শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছিল না। কারণ টানা দুদিন ধরে সেখানে তুষারপাত হয়ে চলেছে।  তখনই কেরান স্বাস্থ্যকেন্দ্রে ভারপ্রাপ্ত চিকিৎসক আরশাদ সোফি যোগাযোগ করেন ক্রালপোড়া মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ পারভেজের সঙ্গে। তিনিই পরামর্শ দেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেবেন। এরপরই সীমিত পরিকাঠামো নিয়ে কেরান স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা ভিডিও কলে দেখিয়ে দেওয়া নির্দেশ মোতাবেক ওই মহিলার সন্তান প্রসব করান। সব ভালো যার শেষ ভালো, আপাতত মা ও সদ্যজাত দুজনেই সুস্থ ও স্বাভাবিক আছে।

About Post Author