Home » বাদ পুরোনো মুখ, আসন্ন পঞ্চায়েত ভোটে প্রায় ২৫ হাজার নতুন প্রার্থীর খোঁজে তৃণমূল!

বাদ পুরোনো মুখ, আসন্ন পঞ্চায়েত ভোটে প্রায় ২৫ হাজার নতুন প্রার্থীর খোঁজে তৃণমূল!

 কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হাইকোর্টের নির্দেশে আটকে। কিন্তু ভোটের প্রস্তুতিতে ইতিমধ্যেই কোমর বেঁধে পড়েছে বঙ্গের সব রাজনৈতিক দল। বিরোধী দল বিজেপি বা বাম-কংগ্রেস জোট প্রার্থী তালিকা তৈরি ও রণকৌশল তৈরিতে ব্যস্ত। শাসকদলের তৎপরতাও চোখে পড়ছে জেলায় জেলায়। ত্রিস্তর পঞ্চায়েতে রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা প্রায় ৬৩ হাজার। আর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে আসন সংখ্যা প্রায় ১১ হাজার। ফলে প্রার্থী বাছাই প্রক্রিয়াও দীর্ঘ হবে এটা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকায় চমক দিতে চাইছে বলেই দলীয় সূত্রে খবর।

তৃণমূলের অন্দরের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক ক্ষমতা এবং প্রার্থী তালিকা তৈরির রাশ কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চাইছেন, প্রার্থী তালিকায় একটা বড় অংশে নতুন মুখ তুলে আনতে। ফলে পুরোনো প্রার্থীদের ঘাড়ে কোপ পড়তে চলেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব চাইছেন, এলাকার সুপরিচিত ‘ভাল’ ভাবমূর্তির লোকদের প্রার্থী করতে। এরজন্য বাছাই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল।

একেবারেই নিচুতলা থেকে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী তুলে আনতে চাইছেন অভিষেক। কয়েকদিন আগেই কেশপুরে একটি সভায় তাঁর অভিপ্রায় প্রকাশ্যে এনেছিলেন তিনি। মঞ্চেই তিনি একজনকে ডেকে বুঝিয়ে দিয়েছিলেন কারা হতে পারেন সম্ভাব্য প্রার্থী।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব চাইছে, এলাকার স্কুল শিক্ষক, গ্রামীণ চিকিৎসক বা অন্য পরিচিতি-সম্পন্ন ব্যক্তি, গৃহকর্ত্রী বা অপেক্ষাকৃত কমবয়সি ছেলেমেয়েদের প্রার্থী করতে। রাজনৈতিক মহলের অভিমত, নিয়োগ দুর্নীতির আঁচ এবার পঞ্চায়েত ভোটে পড়তে পারে বলেই অনুমান করছে শাসকদল। তাই স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দিতে বদ্ধপরিকর দল।

 

অপরদিকে, তৃণমূল স্তরে আর্থিক দুর্নীতি, কাটমানি ও অস্বচ্ছতা বারবার দলকে বিড়াম্বনায় ফেলছে। দিদির সুরক্ষাকবচ ও দিদির দূত কর্মসূচিতে এর আঁচ টের পেয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। তাই এ সংক্রান্ত অভিযোগ যাচাই করার কাজও চলছে বলে তৃণমূল সূত্রে খবর। ফলে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের একটা বড় অংশে নতুন প্রার্থী দেবে তৃণমূল। দলীয় সূত্রে খবর, সংখ্যাটা ২৫ হাজারের বেশি হবে।

About Post Author