Home » পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অশান্তির জের, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অশান্তির জের, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

সময় কলকাতা ডেস্ক,১৮ জুনঃ পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা সামনে এসেছে। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। এই পরিস্থিতির মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করল রাজভবন। এবার রাজভবনে খোলা হল ‘পিস রুম’। মূলত, ভোট সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ জানতে এবং সেগুলির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতেই রাজভবনে খোলা হয়েছে এই সাহায্য কক্ষ। যার নাম দেওয়া হয়েছে ‘পিস রুম’। যে কেউ ‘পিস রুম-এ অভিযোগ জানাতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজভবনের তরফে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে সমস্যাগুলি পাঠানো হবে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাংলায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম ও হুমকির অভিযোগ প্রতিদিনই উঠছে। নাগরিকদের সাহায্য করতেই ‘পিস রুম’ খুলল রাজভবন। এবার সরাসরি নাগরিকেরা তাঁদের অভিযোগ রাজ্যপালকে জানাতে পারবেন। ফোন করে বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ‘পিস রুম’-এর ফোন নম্বর হল, 03322001641 আর ইমেইল আইডি হল, OSD2w.b.governor@gmail.com।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশকে কেন্দ্র করে ভাঙড়ের পাশাপাশি সংবাদ শিরোনামে উঠে এসেছিল ক্যানিং-ও। মনোনয়ন পেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি। শনিবার সেই ক্যানিংয়েই যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যের বাইরে একাধিক কর্মসূচি ছিল রাজ্যপালের। কিন্তু সেই সমস্ত কর্মসূচি বাতিল করে এদিন ক্যানিং পরিদর্শনের সিদ্ধান্ত নেন তিনি। শনিবারই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই রাজ্যপাল সব কর্মসূচি বাতিল করে ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিন ক্যানিংয়ের পরিস্থিতি নিজে গিয়ে খতিয়ে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন   পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর বুথের তালিকা সংক্রান্ত তথ্য জোগাড় শুরু রাজ্য নির্বাচন কমিশনের

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরেই পরিস্থিতি তেতে ওঠে ক্যানিংয়ে। গোটা মনোনয়ন পর্বে প্রায় প্রতিদিন বোমাবাজিতে ঘুম উড়েছে এলাকার মানুষের। চলে গুলির লড়াইও। দোকান ও বাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিরোধীদের দাবি, ক্যানিং ১ নম্বর ব্লকে শাসকদলের বাধায় মনোনয়ন জমা দিতে পারেননি তাঁরা। একই অভিযোগ ওঠে ক্যানিং ২ ব্লকেও। শাসক-বিরোধী লড়াইয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বারবার। শুধু রাজনৈতিক দলের কর্মীরাই নন, আক্রান্ত হন সাধারণ মানুষও। অশান্তির দায়ে পুলিশ এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করে। এদিন প্রথমে সেচ দফতরের অফিসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে সোজা হাসপাতাল মোড়ে পৌঁছন তিনি। সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। পরে ক্যানিং ১ বিডিও অফিসে যান। সেখানে প্রশাসনিক কর্তাদের কথা বলেন। তারপর সেচ দফতরের অতিথিশালায় ফিরে মুখোমুখি হন সাংবাদিকদের।

About Post Author