সময় কলকাতা ডেস্ক,২৫ জুনঃ মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে অবশেষে সর্বদল বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অশান্ত মণিপুরে শনিবার বিকেল ৩’টায় স্বরাষ্ট্রমন্ত্রকে এই বৈঠক বসে। এদিনের এই বৈঠকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর দাবি ওঠে। এদিন বৈঠকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেন সমাজবাদী দলের রামগোপাল যাদব। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানরাড সাংমাও,সমাজবাদী দলের রামগোপাল যাদব,বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র,কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রমুখ। এর আগেও গত মাসে মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছিলেন অমিত শাহ। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বৈঠক কার্যত কোনও কাজেই আসেনি।
আরও পড়ুন মণিপুরে জাতিদাঙ্গা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আর্জি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির

মণিপুরে হিংসা শুরুর ৫২ দিন অতিবাহিত হওয়ার পরও প্রধানমন্ত্রী মোদি একটি শব্দও ব্যয় করেননি। এহেন পরিস্থিতিতে একাধিক দলের প্রতিনিধি দাবি করেন, মণিপুরের সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে যাওয়া উচিত। যদিও প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতিতে হওয়া এই বৈঠককে প্রথম থেকেই কংগ্রেস তেমন গুরুত্ব দিতে চায়নি। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন,পঞ্চাশ দিন ধরে জ্বলছে মণিপুর। কিন্তু প্রধানমন্ত্রী এইনিয়ে একটা কথাও বলেননি। আমরা তো প্রথম থেকেই মণিপুরে সর্বদলীয় প্রতিনিধি পাঠানো দাবি করে এসেছি। আশা করি প্রধানমন্ত্রী ইজিপ্ট থেকে ফিরে আসার পরে মণিপুরের দিকে নজর দেবেন। অন্যদিকে,মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানরাড সাংমাও বলেন,‘মণিপুরে শান্তি ফিরিয়ে আনার সঙ্গে সেখানের মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটাও জরুরী। তাই সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর যাওয়া উচিত।’

প্রসঙ্গত,মণিপুরে সংঘর্ষ শুরু হয় ৩ মে। ইতিমধ্যে প্রায় ১৪৫জনের প্রাণ গিয়েছে। আহত অসংখ্য। এলাকা ছাড়া প্রায় ৫০ হাজার পরিবার। প্রাণ রক্ষায় আশপাশের রাজ্যে পালিয়েছে বহু পরিবার। হিংসার আগুনে পুড়েছে প্রায় ২৫০টি গির্জা এবং ১৭টি মন্দির। এহেন পরিস্থিতিতে মণিপুর নিয়ে লাগাতার আক্রমণের পর গত বুধবার মুখ খোলেন স্বয়ং সনিয়া গান্ধী। ভিডিও বার্তায় সরকারের কঠোর নিন্দা করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সরব উত্তর-পূর্বের ওই রাজ্যটির অস্থির পরিস্থিতি নিয়ে। প্রধানমন্ত্রীর নীরবতায় বারে বারে সরব হয়েছেন তিনি।
আরও পড়ুন রাজভবনে ফের তলব করা হল রাজ্য নির্বাচন কমিশনারকে

গত দু’মাস ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। জাতিদাঙ্গার কারণে চলছে মৃত্যু মিছিল। কয়েক হাজার মানুষ পরিবার নিয়ে ঘর ছাড়া। এই পরিস্থিতিতে যখন নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন প্রধানমন্ত্রীর মার্কিন সফরের মধ্যে মণিপুর নিয়ে বিবৃতি দিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। বিবৃতিতে সনিয়া এদিন একবারও প্রধানমন্ত্রীর কথা বলেননি, বিজেপি সরকারের ব্যর্থতার কথাও বলেননি। শুধু কাতর আর্জি জানিয়েছেন, মণিপুরে জাতিদাঙ্গা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার। সনিয়া গান্ধি এও বলেছেন, আমি একজন মা, তাই মা হয়ে মণিপুরের মা বোনেদের কাছে আবেদন জানাচ্ছি, সন্তান ও পরিবারের কথা ভেবে আপনারা চেষ্টা করুন যাতে শান্তি ফিরিয়ে আনা যায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি