Home » শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক,২১ জুলাইঃ কলকাতা হাই কোর্টে অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উচ্চ আদালত জানাল,শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারবে পুলিশ। বৃহস্পতিবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানায়, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করবে। যদি দেখা যায়, অভিযোগ সত্য, গ্রহণযোগ্য মনে হলে পুলিশ এফআইআর করতে পারবে। তবে গ্রেফতার বা কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে। আপাতত সুমন সিংহের করা জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে হাই কোর্ট। চার সপ্তাহ পরে আবার মামলাটির শুনানি রয়েছে।

গত বছর ডিসেম্বরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। তাঁর বিরুদ্ধে হয়ে চলা একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে।

আরও পড়ুন   টেস্টে অভিষেক ঘটালেন মুকেশ কুমার, পেলেন ভারতের হয়ে ৩০৮ তম টেস্ট ক্যাপ

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬ মাসে ২৬টি এফআইআর দায়ের করে পুলিশ। এই একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আদালতে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। এরপরই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দেন বিচারপতি। শুভেন্দু অধিকারীর আইনজীবী এ বিষয়ে জানান, ‘এ নিয়ে তৃতীয়বার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর হচ্ছে। যে কোনও বিষয়ে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। যদিও আদালতের নির্দেশ ছিল, কোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছিল।’

About Post Author