Home » স্টালিন ও খাড়গে পুত্রের নামে অভিযোগ থানায়, কেন?

স্টালিন ও খাড়গে পুত্রের নামে অভিযোগ থানায়, কেন?

সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর: সনাতন ধর্মের বিরুদ্ধে মন্তব্যের জের। এবার থানায় অভিযোগ দায়ের করা হল উদয়নিধি স্টালিন ও প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে। বুধবার দক্ষিণ ভারতের দুই রাজনীতিবিদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের রামপুরের সিভিল লাইন্স থানায় মামলা দায়ের করা হয়। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে স্টালিন ও খাড়গে পুত্রের বিরুদ্ধে এই  মামলা দায়ের করেন কয়েকজন আইনজীবী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্টালিনের পুত্র সনাতন ধর্মকে ডেঙ্গি,ম্যালেরিয়ার মত রোগের সঙ্গে তুলনা করেন। একধাপ এগিয়ে এই ধর্মকে সমূলে নির্মূল করার ডাক দেন। তাঁর এই মন্তব্যে শুরু হয় বিতর্ক।

দেশজুড়ে সনাতন ধর্মীরা উদয়ের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন। প্রায় আড়াইশো জন বুদ্ধিজীবী উদয়নিধির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। হিন্দুত্ববাদীরা উদয়ের মুণ্ডচ্ছেদের উপর পুরস্কার ঘোষণা করেছে। পিছিয়ে নেই কেন্দ্রের শাসক দল বিজেপি। তাঁরাও ডিএমকের এই মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। উদয়ের মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সূত্রের খবর, বুধবার মন্ত্রী পরিষদের বৈঠকে এই মন্তব্যের সমালোচনা করেন মোদি।

উদয়নিধির বক্তব্যের যথাযথ জবাব দিতে হবে বলেও দলকে একপ্রকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তামিলনাড়ু এই মন্তব্যে পাশে পেয়েছন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেকে। প্রিয়াঙ্ক বলছেন,”যে ধর্ম মানুষকে মানুষের সম্মান দেয় না, সেটা ধর্ম নয়। একটা রোগ।” শত সমালোচনার মধ্যেও নিজের বক্তব্যে অনড় থেকেছেন তামিলনাড়ুর তরুণ মন্ত্রী। তিনি যে বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন না তাও জানিয়ে দিয়েছেন উদয়।

আরও পড়ুন    দিনহাটায় ছিনতাই আটকাতে ব্যর্থ পুলিশ ছিনতাইবাজদের গণপ্রহারের হাত থেকে বাঁচাতে সফল

এবার দক্ষিণ ভারতের দুই রাজ্যের দুই মন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হল। এই দুজনের বিরুদ্ধে মঙ্গলবার উত্তরপ্রদেশের রামপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী আইনজীবীরা জানিয়েছেন, উদয়ের মন্তব্য তাঁদের হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে। আইপিসির ১৫১ (ক) ও ২৯৫ (ক) ধারায় এই দুই রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা স্বীকার করা হয়েছে বুধবার। সব মিলিয়ে ফের সনাতন বিতর্কে মাথাচাড়া দিচ্ছে দেশের রাজনীতি।

About Post Author