Home » গরু পাচার মামলায় বোলপুরের তৃণমূল কাউন্সিলার সহ পুরসভার দুই কর্মীকে তলব ইডির

গরু পাচার মামলায় বোলপুরের তৃণমূল কাউন্সিলার সহ পুরসভার দুই কর্মীকে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ১ অক্টোবরঃ গরু পাচার মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন চাপ বাড়ছে অনুব্রতর। এবার গরু পাচার মামলায় বোলপুরের তৃণমূল কাউন্সিলার সহ এক আইনজীবী ও পুরসভার দুই কর্মীকে তলব করল ইডি৷ আগামী ৩ অক্টোবর তাদেরকে দিল্লির ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি ছাড়া পাওয়ার পরেই কেষ্টর জামিনের আশার আলো দেখেছিলেন অনেকেই৷ কিন্তু গরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় ফের সক্রিয় ইডি৷ জানা গিয়েছে, বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শিবনাথ রায় ওরফে ক্যাবলা রায়কে তলব করেছে ইডি।

আরও পড়ুন   এশিয়াডে স্বপ্নের দৌড় ভারতীয় শ্যুটারদের, ফের শ্যুটিংয়ে সোনা জয়

এর পাশাপাশি বোলপুরের আইনজীবী গৌতম হাটি, বোলপুর পুরসভার স্যানিটারি বিভাগের কর্মী সুদীপ ভট্টাচার্য ও পরিবহণ বিভাগের কর্মী কাজল মণ্ডলকে তলব করা হয়েছে। আগামী ৩ অক্টোবর ওই ৪ জনকেই দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে জমি, বাড়ি, পুকুর সহ বহু সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। আর অনুব্রত মণ্ডলের সম্পত্তি ক্রয়ের একাধিক জায়গায় এই ৪ জনের যুক্ত থাকার নথি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের হাতে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। এর আগে বহুবার মণীশ কোঠারির জামিন খারিজ হয়ে যায়। ফের দিল্লি হাইকোর্টে মণীশের জামিনের আবেদনের শুনানি ছিল।

আরও পড়ুন   প্রিমিয়ার লিগে হার ম্যাঞ্চেস্টার দুই দলের, জয় আর্সেনালের

ওইদিন শুনানি শেষে বিচারপতি অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারির আবেদন মঞ্জুর করেন। গরু পাচার মামলায় এই প্রথম কেউ জামিন পেলেন। সূত্রের খবর, পুজোর আগে গরু পাচার মামলায় অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের জামিন মিলবে না। ফলে এবারের দুর্গাপুজো তিহাড় জেলেই কাটাতে হবে বাবা-মেয়েকে। তবে কী মণীশের জামিন পরেই অনুব্রত ও তাঁর মেয়ের জামিনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে? তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। প্রসঙ্গত, গত ১৪ মার্চ দিল্লিতে ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন মণীশ। এরপর গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১৪ মার্চ মণীশ সহ ১২ জনকে দিল্লিতে তলব করেছিল ইডি। দিনভর জেরার পর মণীশকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি হেফাজত শেষে তিহাড় জেলেই ঠাঁই হয়েছিল অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষকের।

About Post Author