Home » ধানবাদের পর দুর্গাপুর! ফের ইসিএলের কয়লাখনিতে ধস

ধানবাদের পর দুর্গাপুর! ফের ইসিএলের কয়লাখনিতে ধস

সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবরঃ উৎসবের মাঝেই বিষাদের সুর।ধানবাদের পর এবার দুর্গাপুর। ফের কয়লা খনিতে ধস। পঞ্চমীর দিন দুর্গাপুরের অন্ডালে ইসিএলের কয়লা খনিতে ধস নামে। আর এই ধসের জেরে সুপারভাইজার-সহ দুই খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে খনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দা এরিয়ার নর্থ জামবাদ কোলিয়ারিতে বৃহস্পতিবার সকালে সুপারভাইজার সাদ্দাম মহান্তি এবং দুই খনি শ্রমিক আশুতোষ মাঝি মনোজ কুমার ভূঁইয়ার উপর খনির চাঙর ভেঙে পড়ে। এরপরই গুরুতর আহন হন তারা। তড়িঘড়ি বাকি শ্রমিকরা খনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালে দীর্ঘ সময় লেগে যায় স্ট্রেচার আনতে।

আরও পড়ুন      প্রাথমিক নিয়োগ মামলায় গৌতম পালের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

দীর্ঘসময় ধরে সুপারভাইজার-সহ ওই দুই খনি শ্রমিক খনিগর্ভে আটকে থাকে। এমনকী আহতদেরকে হাসপাতালে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এহেন পরিস্থিতিতে ইসিএল আধিকারিকরা এবং শ্রমিক সংগঠনের নেতারা ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ প্রসঙ্গে, বাম শ্রমিক সংগঠনের এরিয়া সম্পাদক জানান, ‘ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আমরা চাই তদন্ত হোক।’ অন্যদিকে, এআইটিইউসি নেতা অখিলেশ সিংহ বলেন, ‘ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ধরনের ঘটনা ঘটছে। অমানবিক ঘটনা বললেও কম বলা হবে। আমরা সমস্ত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে তদন্তের দাবি করছি।’

আরও পড়ুন  পঞ্চমী থেকেই রাতভর মেট্রোর বিশেষ পরিষেবা, জেনে নিন সময়সূচি

উল্লেখ্য, এর আগে গত সোমবার সকালেই ঝাড়খণ্ডের নিরসা থানার অন্তর্গত ইসিএল মুগমা এলাকায় কাপাসরা আউটসোর্সিংয়ের বন্ধ কয়লা খনিতে অবৈধ খননের সময় নামে ধস। ধসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়। জানা গিয়েছে, এদিন সকালে ১২-১৩ জন শ্রমিক কাপাসরা আউটসোর্সিংয়ের খনিতে অবৈধ খননকার্য শুরু করলে খনির পাশের গরম পুকুর নামের একটি পুকুরের জল এসে ঢুকে যায় খনির মধ্যে। জলে তীব্রতায় মাটিতে ধস নামে। আটকে পড়েন শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় মানুষ। সেইসঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বিজেপির নিশার বিধায়ক অপর্ণা সেনগুপ্ত এবং জে এম এম পার্টির লক্ষ্মী দেবী। সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেও ইসিএল কর্তৃপক্ষকে জানিয়ে কোনও সুরাহা পাওয়া যায়নি। কাপাসরা আউটসোর্সিং এলাকায় নেই কোন কাঁটাতার, নেই কোন বেড়া। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

About Post Author