সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: লোকসভা নির্বাচনে দিনক্ষণ এখনও প্রকাশ হয়নি। তবে এরই মাঝে ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শনিবার কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনের জন্য এ রাজ্যের ৪২ আসনের মধ্যে ২০ আসনের প্রার্থী পদ ঘোষণা করে দিয়েছে। বিজেপি তালিকা অনুযায়ী এবারের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন প্রখ্যাত ভোজপুরী গায়ক-নায়ক পবন সিং। আর তার নাম ঘোষণার পর থেকে শুরু হয়ে গিয়েছিল প্রচারের তোড়জোড়। শনিবার সন্ধ্যায় নাম ঘোষণার পরেই পথসভা করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের। এসবের মাঝেই এবার জানা গেল আসানসোল লোকসভা আসন থেকে নির্বাচনে লড়বেন না ভোজপুরি সুপারস্টার পবন সিং।
আরও পড়ুন OPTICAL ILLUSION: মাত্র ৩০ সেকেন্ডে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?
রবিবার তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে আসানসোল লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানানো হয়েছে। টুইটারে অভিনেতা পবন সিং লিখেছেন, ‘দল আমাকে বিশ্বাস করেছিল এবং আমাকে আসানসোলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না’ আর ভোজপুরি গায়ক পবন সিং-এর এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন বারাণসী কেন্দ্রে আবার মোদী, বঙ্গের ২০ আসন সহ ১৯৫ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
প্রসঙ্গত, শনিবার বিজেপির প্রকাশিত ১৯৫ জন প্রার্থীর প্রথম তালিকায় নিজের নাম থাকায় পবন সিং খুবই খুশি হয়েছিলেন। তার সমর্থকেরাও এদিন খুশিতে মেতে ওঠেন। দলীয় কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ থেকে শুরু করে দেয়াল লিখনও শুরু হয়ে যায়। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জানিয়ে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না। যদিও পবনের এই ঘোষণা নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের মানুষের ‘অদম্য ইচ্ছাশক্তি এবং ক্ষমতা’-কে কুর্নিশ জানিয়েছেন।
প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রে প্রখ্যাত ভোজপুরী গায়ক-নায়ক পবনের নাম বিজেপি প্রার্থী হিসাবে ঘোষিত হতেই ক্ষোভে ফুঁসছিল তৃণমূল। চরম বিরোধিতা করে শনিবার ময়দানে নেমে প্রচারও চালিয়েছিল শাসক দল। অভিযোগ উঠেছিল, পবন তাঁর ভোজপুরি গানে বাংলার মেয়েদের অসম্মান করেছেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ ভোজপুরিতে প্রকাশিত পবনের বিভিন্ন গান এবং ভিডিয়োতে বাংলার মহিলাদের প্রতি অশালীনতা প্রকাশ পেয়েছে।’ এই নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের টিকিটে রাজ্যসভায় সদ্যজয়ী সাগরিকা ঘোষও। তিনি বলেন, ‘নহম হাসিনা বাঙ্গাল কি। আসানসোলের বিজেপি প্রার্থীর একটি গানের ভিডিয়োতে বাংলার নারীদের নিচু করে দেখানো হয়েছে। আমরা কি এই ধরনের জনপ্রতিনিধি পেতে চাইব?’ এমনকী বিজেপির এক নেতাও পবনের প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর পবনকে নিয়ে যখন এই বিতর্ক দানা বাঁধছে, তখনই সোশ্যাল মিডিয়া মারফত জানা গেল, আসানসোলে প্রার্থী হচ্ছেন না তিনি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর