সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় ফের শঙ্কর আঢ্যর শিমুলতলার বাড়িতে হানা দিল সিবিআই। রয়েছেন সিএফএসএল আধিকারিকরাও। দুদিন আগেই রেশন ‘দুর্নীতি’ মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। গত ৫ জানুয়ারি গভীর রাতে শঙ্করকে যখন গ্রেফতার করা হয়েছিল, সেই সময় সন্দেশখালি মডেলে হামলা চালানো হয়েছিল ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। পরবর্তীতে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ পেয়ে তদন্তে নামে সিবিআই (CBI)। ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলার এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর আঢ্যের শিমুলতলার বাড়ির সামনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিবিআই আধিকারিকরা। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চারপাশ ঘুরে দেখেন সিবিআই কর্তারা। সিবিআই আধিকারিকরা শংকর আঢ্যের বাড়ির ছবি তোলার পাশাপাশি তার বাড়ির সামনে রাস্তায় বিদ্যুতের পোলে লাগানো সিসিটিভির ছবিও তোলেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরা। সেই ঘটনার দুদিন পরেই ফের শঙ্কর আঢ্যর শিমুলতলার বাড়িতে হানা দিল সিবিআই। সঙ্গে রয়েছেন সিএফএসএল আধিকারিকরাও।
আরও পড়ুন ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা
অন্যদিকে, ব্যাঙ্কশাল কোর্টে রেশন দুর্নীতি মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন ইডির বিশেষ আদালত। গত সপ্তাহেই রেশন দুর্নীতি মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ করেছে ইডি। জানা গিয়েছে, রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে কীভাবে শঙ্করের মাধ্যমে ঘুরপথে বিদেশে পাচার হয়েছে তাঁর উল্লেখ রয়েছে চার্জশিটে। এছাড়াও বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য এবং তাঁর বিভিন্ন ফোরেক্স সংস্থার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। শঙ্কর ছাড়াও, তাঁর পরিবারের আরও কয়েকজনের নাম চার্জশিটে উল্লেখ রয়েছে। এর আগে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সেখানে ২০ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি মামলায় বিদেশে পাচার করা হয়েছে বলেই উল্লেখ করা হয়। ইডি-র দাবি, সেই টাকা শঙ্কর আঢ্য নামে বিদেশে পাচার করা হয়েছে। সেই সূত্রেই শঙ্করকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, টানা ১৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর অবশেষে গত ৫ জানুয়ারি রাত ১২টা নাগাদ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। এদিন রাতেই তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্স। সূত্র মারফত জানা গিয়েছে,শঙ্করের বাড়ি থেকে রেশন দুর্নীতির একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা। অন্যদিকে, শঙ্করের শ্বশুরবাড়িতে তল্লাশি অভিযানের পর লাখ লাখ টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে নগদে প্রায় সাড়ে আট লাখ টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে, বাড়ির একটি আলমারিতে রাখা ছিল এই বিপুল পরিমাণ নগদ টাকা, যার মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার নোটের বান্ডিল।
#latestbengalinews
#cbi
#rationcorruptioncase
#ShankarAdhya


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের