Home » Bhatpara Shoot Out: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাটপাড়া! ২ বন্ধুর বচসার জেরে চলল গুলি, আহত তৃণমূল কর্মী

Bhatpara Shoot Out: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাটপাড়া! ২ বন্ধুর বচসার জেরে চলল গুলি, আহত তৃণমূল কর্মী

সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিলঃ রামনবমীর রাতেই গুলি চলল ভাটপাড়ায়। এক তৃণমূল কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহত তৃণমূল কর্মীর নাম পিন্টু চৌহান। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। যদিও এই গুলি চালনার ঘটনায় বিজেপি যুক্ত নয় বলে জানিয়েছেন অর্জুন সিং।

আরও পড়ুন  জঙ্গিদের গুলিতে ফের রক্তাক্ত উপত্যকা, প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক

সূত্রের খবর, বুধবার রাতে মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা বেধে যায়। কিছুক্ষণের মধ্যেই বচসা চরমে পৌঁছায়। এহেন পরিস্থিতিতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর গলি ধর্মশালা এলাকায় পিন্টু চৌহানকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় তাঁর বন্ধু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়দের তরফে খবর যায় পুলিশের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে স্থানান্তরিত করা হয় বি এন বসু হাসপাতালে।

অন্যদিকে, এই ঘটনার খবর পেয়েই হাসপাতালে যান ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, সঙ্গে ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁরা জানান, তৃণমূলের সক্রিয় কর্মী পিন্টু চৌহান। তাঁর বাবাও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। গোটা ঘটনার সঙ্গেই বিজেপি জড়িত রয়েছে বলে দাবি পার্থ ভৌমিকের। স্থানীয়দের দাবি, রাতে মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা হয়। বচসার পরেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপরই অভিযুক্ত ওই যুবক সেভেন এমএম পিস্তল বের করে প্রকাশ্যে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও শত্রুতা রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

#ShootOutAtBhatpara

#অর্জুনসিং

#রামনবমী

#পার্থভৌমিক

About Post Author