Home » Mohun Bagan: বিপক্ষকে সমীহ করলেও, ৯০ মিনিটেই কলিঙ্গ জয় করতে চান হাবাস

Mohun Bagan: বিপক্ষকে সমীহ করলেও, ৯০ মিনিটেই কলিঙ্গ জয় করতে চান হাবাস

স্পোর্টস ডেস্ক, সময় কলকতা, ২৩ এপ্রিল: লিগ শিল্ড জয় এখন অতীত। টানা দ্বিতীয়বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল জয়কে পাখির চোখ করছে মোহনবাগান। সেই লক্ষ্যে মঙ্গলবার নামছে সবুজ মেরুন শিবির। আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় তাদের প্রতিদ্বন্দ্বী ওড়িশা এফসি। এই নিয়ে এমরশুমে পাঁচবার মুখোমুখি হতে চলেছে দুই দল। এএফসি কাপের প্রথম পর্বের ম্যাচে জয় পেলেও, ফিরতি পর্বে ঘরের মাঠে পাঁচ গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে। আইএসএলের দুই পর্বের ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। এই পরিস্থিতিতে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচের সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে নামার আগে তাই সতর্ক সবুজমেরুন কোচ হাবাস (Antonio Lopez Habas)। বিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

তিনি ডাগআউটে বসলে বাড়তি মনোবল পান তার ছাত্ররা। গত কয়েক সপ্তাহ অসুস্থ থাকার পর শেষ ম্যাচে মাঠে ফিরেছেনআন্তোনিও লোপেজ হাবাস । সেই ম্যাচে শক্তিশালী মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। মঙ্গলবারও তার ডাগআউটে বসা নিশ্চিত। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনেও উপস্থিত ছিলেন সবুজমেরুন হেডস্যার। ওড়িশার সঙ্গে এই মরশুমে তার দলের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানিয়ে দেন অতীত নিয়ে তিনি চিন্তিত নন। পাশাপাশি বিপক্ষ সম্পর্কে সমীহ শোনা গিয়েছে বর্ষীয়ান এই কোচের গলায়। তিনি বলেন, “ওড়িশা যথেষ্ট শক্তিশালী একটি দল। দলে অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তাদের কোচও খুব ভাল। আমাদের জন্য কাজটা কঠিন হতে চলেছে।” তবে সেমিফাইনাল বলে শিষ্যদের বাড়তি চাপ দিতে চান না গুরু হাবাস । তিনি বলেছেন, “ আমার কাছে লিগের বাকি ম্যাচের সঙ্গে এই ম্যাচের বিশেষ ফারাক নেই। প্রথম পর্বের ম্যাচ কঠিন হবে। এই ম্যাচে হেরে গেলে চলবে না। ম্যাচ শেষে দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের ভাবতে হবে। যে দায়িত্ব বোধ নিয়ে লিগের বাকি ম্যাচে ছেলেরা খেলেছে সেই দায়িত্বি এদিনও নিতে হবে।” একই সঙ্গে তিনি জানাতে ভোলেননি যুদ্ধ কঠিন হলেও ৯০ মিনিটেই কলিঙ্গ জয় করতে চান তিনি।

মোহনবাগান দলকে চিন্তায় রেখেছে ভুবনেশ্বরের তাপমাত্রা। কলকাতার মত পাল্লা দিয়ে বাড়ছে গরম। এই পরিবেশে ৯০ মিনিট মনোনিবেশ করাটাই এখন চ্যালেঞ্জ শুভাশিস, পেত্রাতোসদের কাছে। যদিও গরমের অজুহাত মানতে নারাজ হাবাস। সাফ জানিয়ে দিলেন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। যদি বিপক্ষের ফুটবলাররা পারেন তাহলে তার ছেলেরাও পারবে বলে আত্মবিশ্বাসী তিনি। ওড়িশা দলে রয়েছেন হাবাসের প্রাক্তন ছাত্র রয় কৃষ্ণা। তার সম্পর্কেও সমীহ শোনা গেল সবুজ মেরুন হেডস্যারের মুখে।

আরও পড়ুন: IPL 2024: যশস্বী দাপটে মুম্বই জয় রাজস্থানের

সেমিফাইনালে মাঠে নামার আগে মোহনবাগান কোচকে শুধু চিন্তায় রেখেছে দলের আত্মতুষ্টি। এটা যে দলকে ভোগাতে পারে স্বীকার করে নিয়েছেন স্বয়ং হাবাস। তিনি জানিয়েছেন, “আত্মতুষ্টি সমস্যআর কারণ হতে পারে। লিগ শিল্ড জয়ের পর আরও একটা ট্রফির লড়াই। এটা নিয়ে আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। অনুশীলনে এখন আর কিছু পরিবর্তন করা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি তাদের অনুপ্রাণিত করতে।” সব মিলিয়ে মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়াম থেকে জিতেই ফিরতে চাইছে গঙ্গাপারের ক্লাব।

About Post Author