Home » Jadavpur University: স্বপ্নদ্বীপ খুনের মামলায় এবার ৩২ জনকে চিঠি কমিটির, আদালতের দ্বারস্থ ১৫

Jadavpur University: স্বপ্নদ্বীপ খুনের মামলায় এবার ৩২ জনকে চিঠি কমিটির, আদালতের দ্বারস্থ ১৫

সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ফাঁদে পড়ে ছাত্র মৃত্যুর কথা আজও গায়ে কাঁটা দেয়। র‌্যাগিং এমন এক মানসিক অত্যাচার যা একজন সহজ সরল ছেলের প্রাণ পর্যন্ত কেড়ে নিয়েছিল সেদিন। একদল বিকৃত মানসিকতার সিনিয়ার পড়ুয়াদের হাসির খোরাক হতে গিয়ে পৃথিবী ছাড়তে হয়েছিল স্বপ্নদ্বীপকে। এবার সেই মামলায় অভিযুক্ত ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেছে অ্যান্টি-র‌্যাগিং কমিটি। সোমবার কমিটির বৈঠকে নিশ্চিত হল ৩২ জন অভিযুক্তের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে এখনই শাস্তি কার্যকর করা হবে। সূত্র থেকে জানা গিয়েছে বাকি ১৫ জন কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। তাই তাঁদের ক্ষেত্রে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কমিটিকে।

আরও পড়ুন: Anubrata Mondal: দু’বছর পর নিচুপট্টির বাড়িতে ফিরে কেঁদে ফেললেন অনুব্রত

সোমবার বৈঠকে এই মামলায় মোট সনাক্ত করা ৩২ জন অভিযুক্তের মধ্যে এখনই যে ১৭ জনের শাস্তি কার্যকর হবে, সেই তালিকায় রয়েছেন, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ ফেটসুর, তৎকালীন চেয়ারপার্সন অরিত্র মজুমদার। রয়েছেন আরও দুই নেতা, গৌরব দাস ও সৈকত শীট। এসএফআই -এর এক নেতা রুদ্র চট্টোপাধ্যায়ের নামও আছে তালিকায়। এই ১৭ জনের মধ্যে চার জন ইতিমধ্যেই পাস করে বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে এই মামলার অভিযুক্ত হওয়ায় কর্তৃপক্ষ  তাঁদের ডিগ্রি সার্টিফিকেট দেয়নি। তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে এবার তলব নির্মল ঘোষকে, সোমবার সিজিওতে পানিহাটির বিধায়ক 

উল্লেখ্য, আগের বছর আগস্ট মাসে এক রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকের নীচে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপকে আধমরা অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পরের দিন ভোরে হাসপাতালে মৃত্যু হয়েছিল তাঁর। র‌্যাগিংয়ের কারণে মৃত্যু বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন ছাত্রের বাবা রামপ্রসাদ। হস্টেলের আবাসিক ছাত্রদের বিরুদ্ধে খুনের অভিযোগের মামলা রুজু করা হয়েছিল কলকাতা পুলিশের কাছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং হস্টেলের আবাসিক সৌরভ ছিল মূল অভিযুক্ত। 

দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। আজও মানুষের স্মৃতি থেকে মুছে যায়নি সেই মকর্মান্তিক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ছাত্র-মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল,  সেই কমিটি এদিন রিপোর্ট দিয়ে জানিয়েছিল, ৩২ জন পড়ুয়া এতে জড়িত। তাঁদের কমিটি তরফ থেকে চিঠি পাঠানো হলে ১৫ জন মামলা করেছেন আদালতে। তবে বাকিদের শুধু শো-কজ নয় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে চায় কমিটি। আদালতের রায় পেলেই বাকি ১৫ জনের বিরুদ্ধেও সরব হবেন কমিটি কর্তারা। 

About Post Author