Home » কৃষকদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র

কৃষকদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র

সময় কলকাতা ডেস্ক:- কৃষকদের মন পেতে নতুন বছরের শুরুতেই একাধিক বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ালো মোদি সরকার। একই সঙ্গে বাড়ানো হল রাসায়নিক সারে ভরতুকির পরিমাণও।

বছরের শুরুটা ভালোই হল কৃষকদের জন্য। কৃষকদের অতি প্রয়োজনীয় DAP সারের ৫০ কেজির বস্তার দাম ১৩৫০ টাকা বেঁধে দিল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারের কারণে বহুল প্রচলিত এই রাসায়নিক সারের দাম বেড়েছে অনেকটাই। বর্তমানে খোলা বাজারে এই সারের ৫০ কেজি বস্তার দাম ৩০০০ হাজারেরও বেশি। কৃষকদের সহযোগিতা করার জন‍্য অতিরিক্ত টাকা বহন করবে সরকার। এই কারণে ৩৮৫০ কোটি টাকা সরকারের তরফে ভর্তুকি দেওয়া হবে।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের প্রথন দিনে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে ঢেলে সাজানো হবে। কেন্দ্রীয় তথ‍্যপ্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ফসল বিমা যোজনার জন্য বরাদ্দ করা হল ৬৯ হাজার ৫১৫ কোটি টাকা। প্রযুক্তিগত আধুনিকীকরণের জন‍্য ৮০০ কোটি টাকার তববিল গঠন করার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে ২৩ টি রাজ‍্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফসল বিমা যোজনা চলছে।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে যদি এ পর্যন্ত কোনও গণআন্দোলন বিব্রত করে থাকে, সেটা কৃষক বিক্ষোভ। ২০২১ সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও করতে হয় কেন্দ্রকে। তারপরও কৃষক বিক্ষোভের রেশ কমেনি। এখনও পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একটা বড় অংশ আন্দোলনরত। দীর্ঘদিন ধরে পাঞ্জাবে অনশনে কৃষক নেতা দাল্লেওয়াল। কৃষকদের সেই ক্ষোভের আঁচ পাঞ্জাব ঘেঁষা দিল্লির বিধানসভা কেন্দ্রগুলিতেও পড়তে পারে। এই পরিস্থিতিতে কৃষক বিক্ষোভের ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে একাধিক বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

About Post Author