সময় কলকাতা ডেস্ক:- তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মদ্যপ অবস্থায় মুখ্যমন্ত্রীর নাম করে গালিগালাজ করেছেন। তারই খেসারত হিসেবে হাওড়ার উদয়নারায়ণপুরে এক সিভিক ভলান্টিয়ারকে কোমরে দড়ি বেঁধে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠল।
শুধু তাই নয়, ওই সিভিক ভলান্টিয়ারকে প্রকাশ্যে চড় মারার ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা সময় কলকাতা যাচাই করেনি) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দু’জনকে আটক করেছে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছু লোক সিভিক ভলান্টিয়ারকে দড়িতে বেঁধে কান ধরে উঠবোস করাচ্ছেন। সেখানে উপস্থিত হওয়া লোকজনকে ওই সিভিক ভলান্টিয়ারের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, কেন তুই দিদিমণি এবং দলের সম্পর্কে গালাগালি করেছিস? কে তোকে গালিগালাজ করতে বলেছে?
তার জবাবে ওই সিভিক ভলান্টিয়ার বলেন, যা বলেছি, ভুল করেছি। মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করে আমি ভুল করেছি। সেই সঙ্গে তিনি ক্যামেরার সামনে দাবি করেন, লালুদা নামে স্থানীয় কোনও বিজেপি নেতা তাঁকে মুখ্যমন্ত্রীর সম্পর্কে গালিগালাজ করতে বলেছেন। লালু বিজেপি’র স্থানীয় মণ্ডল সভাপতি।
লালু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করার জন্য তিনি সিভিক ভলান্টিয়ারকে কোনও ভাবেই প্ররোচিত করেননি। বিজেপি’র হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সহকারী সভাপতি রমেশ সাধুখাঁ এ দিন অভিযোগ করেছেন, বিজেপি মণ্ডল সভাপতিকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের