Home » গ্রাহক সেজে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য নরেন্দ্রপুরে 

গ্রাহক সেজে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য নরেন্দ্রপুরে 

সময় কলকাতা ডেস্কঃ গ্রাহক সেজে সোনার দোকানে ঢুকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গাঙ্গুলি মার্কেটের ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি দোকানের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কামালগাজি সংলগ্ন এলাকার ওই সোনার দোকানে মঙ্গলবার দুজন যুবক আসে। তাদের দুজনের মাথায় টুপি ছিল বলে দেখা যায় সিসিটিভি ফুটেজে। গ্রাহক সেজে দোকানেও ঢোকেন ঐ দুই যুবক। তারা মূলত হিন্দীতেই কথা বলতে থাকেন। এরপর ওই দুই যুবক সেই দোকান থেকে একটি রুপোর মাদুলি কেনে এবং তার টাকাও মিটিয়ে দেন। এরপর তাঁরা সোনার গহনা কেনার জন্য দোকানের মালিক উজ্জ্বল কর্মকারকে গহনা দেখাতে বলে। বেশ কিছু ডিজাইন তাদেরকে দেখানো হলেও তা পছন্দ হচ্ছে না বলে জানায় ওই দুষ্কৃতীরা। এরপরই ড্রয়ারে থাকা ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা।

 

অন্যদিকে এই ঘটনার পরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই সোনার দোকানের মালিক উজ্জ্বল বাবু। তার অভিযোগের ভিত্তিতেই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে বুধবার সকাল পর্যন্ত অভিযুক্ত দুই চোরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলেই জানা গিয়েছে।

About Post Author