Home » ফের আদালতে হাজিরা অনুব্রতর

ফের আদালতে হাজিরা অনুব্রতর

সময় কলকাতা ডেস্ক: আজ ফের আদালতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

শুক্রবার গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সকাল থেকে আদালত চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। আদালতের নির্দেশে আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছে অনুব্রত মণ্ডল। শুক্রবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। পাশাপাশি ইডিও অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে যায় ইডির আধিকারিকরা।সেখান থেকে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ইডি। এবার তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয় ইডি। আর এই আবেদনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যান অনুব্রত।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এখন দেখার সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।

About Post Author