স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ অক্টোবর: বিশ্বকাপে চেনা ছন্দে ফিরল অস্ট্রেলিয়া । জোড়া ম্যাচ হেরে বিশ্বকাপে অভিযান শুরু করেছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। এর মধ্যেই অজি অধিনায়ক প্যাট কামিন্স ঘোষণা করেছিলেন বিশ্বকাপে বাকি সবক’টি ম্যাচই তাঁদের কাছে ফাইনাল। যেমন কথা তেমন কাজ। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল ব্যাগি গ্রিনরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। সৌজন্যে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি। বিশ্বকাপের মঞ্চে এত রান তাড়া করে আগে কোনও দল জেতেনি। অপেক্ষাকৃত দুর্বল ডাচরাও পারল না। মাত্র ৯০ রানে শেষ হয়ে গে়ল নেদারল্যান্ডসের ইনিংস। বিশ্বকাপে রেকর্ড ৩০৯ রানের মার্জিনে জয় অস্ট্রেলিয়ার।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অষ্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দিল্লির ব্যাটিং সহায়ক পিচে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে অজিরা। ৯৩ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস উপহার দেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর ব্যাট থেকে আসে ১১টি চার ও ৩টি ছয়। ৬৮ বলে ৭১ রান করেন স্টিভ স্মিথ। ৯ টি চার ও ১ টি ছয় মারেন তিনি। ৪৭ বলে ৬২ রান করেন মার্কোস লাবুশানে। ৭ টি চার ও ২ টি ছয় আসে তাঁর ব্যাট থেকে। তবে এদিন অষ্ট্রেলিয়ার হয়ে সব থেকে বিধ্বংসী ইনিংসটি খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৪ বলে ১০৬ রান করেন তিনি। ৯ টি চার ও ৮ টি ছয় মারেন তিনি। এদিন বিশ্বকাপে অনাকাঙ্খিত নজির গড়লেন নেদারল্যান্ডসের বোলার বাস ডি লিড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার বল করে ১১৫ রান দিলেন। এক দিনের ক্রিকেটের একটি ম্যাচে এত রান এর আগে কোনও বোলার দেননি।

নেদারল্যান্ডসের সামনে পাহাড় প্রমাণ ৪০০ রানের টার্গেট ছিল। ডাচরা ১০০ রানেপ গণ্ডি টপকাতে পারল না। মাত্র ২১ ওভারে ৯০ রান তুলে অলআউট হয়ে যায় ডাচরা। নেদারল্যান্ডসের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। তিনি করেন ২৫ রান। ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস ১২ রানে অপরাজিত থাকেন। অজি স্পেশালিস্ট স্পিনার অ্যাডাম জাম্পা নেন ৪ টি উইকেট। মিচেল মার্শের ঝুলিতে আসে ২ টি উইকেট। ১টি করে উইকেট এসেছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের ঝুলিতে। ২০১৫ সালে একদিনের বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে ২৭৫ রানের ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এ বার নিজেদের রেকর্ডই ভাঙলেন তাঁরা।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?