স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ ডিসেম্বর: বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালে গুজরাটকে ৮ উইকেটে হারিয়ে দিল লক্ষীর বাংলা। রাজকোটে প্রথমে ব্যাট করে ২৮৩ রান তোলে গুজরাট। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে জোড়া শতরান করেন সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার।

কথায় বলে মর্নিং শো’জ দা ডে। শনিবার রাজকোটের সকালটা ছিল বাংলার দখলে। টসে জিতে গুজরাটক প্রথমে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। বাংলার বোলিং আক্রমণের দুই প্রধান অস্ত্র মুকেশ কুমার ও আকাশ দীপ গিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। তাই দুই বোলারের অনুপস্থিতিতে দলের বোলিং আক্রমণ সামলিয়েছেন ঈশাণ পোড়েল ও মহম্মদ কাইফ। তার সঙ্গে গুজরাটের বিরুদ্ধে বাংলা দলে অভিষেক হয় সুমন দাসের। দিনের শুরুটা ছিল বাংলার বোলারদের দখলে। প্রথম ম্যাচে বল হাতে কামাল দেখালেন সুমন। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রান খরচ করে নিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। এই ম্যাচে তিনিই বাংলার সফলতম বোলার। ২ টি উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিকও। তবে ৮ ওভারে ৫১ রান খরচ করলেন তিনি। এছাড়াও একটি করে উইকেট নেন ঈশাণ, কাইফ ও করণ লাল। গুজরাটের হয়ে ব্যাট হাতে শতরান করলেন প্রিয়াঙ্ক পঞ্চাল। চাপের মুখে ১১৪ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ৯ টি চার ও ১ টি ছয়। প্রিয়াঙ্ক ছাড়া ব্যাট হাতে সফল সৌরভ চৌহান। ৫৩ বলে ৫৩ রান করেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ৬ টি চার ও ২ টি ছয়। ৪৭ বলে ৬৫ রানের ঝটিকা ইনিংস খেলেন উমাং কুমার। ৪ টি চার ও ৪ টি ছয় আসে তার ব্যাট থেকে। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে গুজরাট।

আরও পড়ুন: ১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমনের আওতায়, কেন এই হাল শতাব্দী প্রাচীন স্যান্টোসের?
জবাবে শুরুটা ইতিবাচক হয়নি বাংলার। প্রথম ওভারে শাকির গান্ধি ফেরেন রানের খাতা না খুলেই। দ্বিতীয় উইকেটে সেই ধাক্কা সামলিয়ে নেন অভিষেক পোড়েল ও সুদীপ কুমার ঘরামি। ৭৭ রানের জুটি গড়েন দুজনে। ব্যক্তিগত ৪৭ রানের মাথায় ফেরেন অভিষেক। এরপর বাংলাকে দায়িত্ব নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। দুজনেই শতরান করে অপরাজিত রইলেন। সুদীপের ব্যাট থেকে আসে ১৩২ বলে ১১৭ রানের ইনিংস। ৯ টি চার ও ২ টি ছয় মারেন তিনি। আর অনুষ্টুপ অপরাজিত রইলেন ৮৮ বলে ১০২ রান করে। ১০ টি চার ও ১ টি ছয়ে সাজানো তার ইনিংস। সব মিলিয়ে ৪ ওভার বাকি থাকতে ম্যাচ পকেটে পুরে নেয় বাংলা।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান