Home » AFC CUP: মুর্তাদা ফলের দুরন্ত গোল, এএফসি কাপে বসুন্ধরাকে হারিয়ে নয়া ইতিহাস ওড়িশা এফসির

AFC CUP: মুর্তাদা ফলের দুরন্ত গোল, এএফসি কাপে বসুন্ধরাকে হারিয়ে নয়া ইতিহাস ওড়িশা এফসির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ ডিসেম্বর: ইতিহাস ওড়িশা এফসির। ডি গ্রুপ থেকে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠল সের্গিও লোবেরার দল। সোমবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। ওড়িশার হয়ে দুরন্ত গোল করেন মোর্তাদা ফল।

গত মরশুমে এই সন্মান অর্জন করেছিল কলকাতার মোহনবাগান সুপার জায়ান্ট। এই মরশুমে ভারত থেকে একমাত্র দল হিসেবে সেই সম্মান অর্জন করল ওড়িশা। ডি গ্রুপ থেকে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে পৌঁছে গেল তারা। নিজেদের শেষ ম্যাচে যে কোনও মূল্যে জিততে হত রয় কৃষ্ণাদের। অন্যদিকে ১ পয়েন্ট দরকার ছিল বসুন্ধরার। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণে ঝড় তোলে ওড়িশা। একাধিক সুযোগ তৈরী করলেও কাজে লাগাতে পারছিল না তারা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে দশজনে হয়ে যায় বসুন্ধরা। আহমেদ জাহুকে ফাউল করে লাল কার্ড দেখেন বসুন্ধরার আসরর গোফুরভ।

আরও পড়ুন: AFC CUP: মাজিয়ার বিরুদ্ধে হার দিয়ে এএফসি কাপে অভিযান শেষ করল মোহনবাগান

দ্বিতীয়ার্ধে দশজনের বিপক্ষের বিরুদ্ধে আরও চাপ বাড়ায় ওড়িশা। অবশেষে ৬১ মিনিটে কাঙ্খিত গোলের সন্ধান পায় তারা। কর্নার থেকে আহমেদ জাহুর ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান সেনেগালের ডিফেন্ডার মোর্তাদা ফল। ঘরের মাঠে সারা ম্যাচে আধিপত্য বিস্তার করে রীতিমতো দাপুটে জয় পায় তারা। এদিন ৫৩ শতাংশ বলের দখল ছিল ওড়িশার দখলে। বিপক্ষের গোল লক্ষ্য করে শটও বেশি মারেন সার্গিও লোবেরার দল। ফলে যোগ্য দল হিসেবেই জয় ছিনিয়ে নিয়েছে তারা।

আরও পড়ুন: VIJAY HAZARE TROPHY: হরিয়ানার বিরুদ্ধে হার, বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার

এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-র শীর্ষস্থানে শেষ করল ওড়িশা। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১২। দু’নম্বরে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা। ছয় ম্যাচে তারা পেয়েছে ১০ পয়েন্ট। তিন নম্বরে শেষ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ছয় ম্যাচে সবুজ মেরুনের পয়েন্ট ৭। গ্রুপের প্রথম তিন ম্যাচে এই পয়েন্ট সংগ্রহ করেছিল তারা। গ্রুপের সব থেকে তলায় মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ৬।

About Post Author