Home » Manohar Lal Khattar: লোকসভা ভোটের আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর

Manohar Lal Khattar: লোকসভা ভোটের আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর

সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ লোকসভা ভোটের আগে হরিয়ানায় ভেঙে গেল বিজেপি-জেজেপি সরকার। হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর। কেবল মুখ্যমন্ত্রী পদে নন, গোটা মন্ত্রিসভা থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজ্যপাল বান্দারু দাত্তারেয়ার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, এদিন সকালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার আগে দলীয় বিধায়কদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করেন মনোহর লাল খট্টর। উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তারপরই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা করেন খট্টর।

আরও পড়ুন   Ranji Trophy Final: ফাইনালের দ্বিতীয় দিনে বোলারদের দাপট, ৪২ তম রঞ্জি ট্রফি জয়ের খুব কাছে মুম্বই

তবে, মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেও এদিনই নতুন মুখ্যমন্ত্রী পদে কে শপথ নেবেন, সে বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। লোকসভা নির্বাচনের আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে মনোহর লাল খট্টরের ইস্তফা স্বাভাবিকভাবেই বিজেপির কাছে অস্বস্তিদায়ক হয়ে উঠেছে। সূত্রের খবর, হরিয়ানার পরিস্থিতি মোকাবিলা করতে মঙ্গলবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব। দলীয় পর্যবেক্ষকেরা ইতিমধ্যেই চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন। সেই দলে রয়েছেন অর্জুন মুন্ডা, বিপ্লব দেব, তরুণ চুঘেরা। সূত্রের খবর, নির্দল বিধায়কদের সমর্থনে আবারও হরিয়ানাতে বিজেপি সরকার গঠনের চেষ্টা করবে। এদিকে, বিজেপি সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন মনোহর লাল খট্টর।  কার্যত সেকারণেই তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন।

প্রসঙ্গত, হরিয়ানায় বিজেপি-জেজেপি (BJP-JJP) জোট সরকারের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি। ৯০টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার ৪০টি আসনেই রয়েছে বিজেপির সদস্য। সম্প্রতি লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে JJP-র সঙ্গে পদ্ম শিবিরের দ্বন্দ্ব চলছিল বলে সূত্রের খবর। জেজেপি ১০টি আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছে। কিন্তু, বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল একটির বেশি আসন ছাড়বে না। এই বিষয় নিয়ে সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও জেজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। কিন্তু, তারপরেও সমাধামন সূত্র হয়নি। সেই বিরোধের জেরেই শেষমেশ এদিন মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বলেই সূত্রের খবর। যদিও খট্টরের ইস্তফা দেওয়া রাজ্য রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

#latestbengalinews

#trendingnews

#HaryanaChiefMinisterManoharLalKhattarresigned

#loksabhaelection2024

About Post Author