Home » ময়নাগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী, অস্থায়ী হেলিপ্যাডের ট্রায়াল রান শুরু

ময়নাগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী, অস্থায়ী হেলিপ্যাডের ট্রায়াল রান শুরু

সানী রায়, সময় কলকাতা : ভোটের দামামা বেজেছে বহুআগেই। দেখতে দেখতে উত্তরবঙ্গে ভোট ও চলে এল। উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে প্রথম দফার  ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার শুরুর ঠিক আগে আরেকবার উত্তরবঙ্গে চলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগ পীড়িত ময়নাগুড়িতে নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী, অস্থায়ী হেলিপ্যাডের প্রথম পর্বের ট্রায়াল রান শুরু হয়ে গেল।

এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ বিগত ভোটে বেহাত হয়ে যাওয়া উত্তরবঙ্গ। সেই কারণেই উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রের বহু  বিধানসভা ক্ষেত্রে জনসভা করছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ময়নাগুড়ি বার্নিশ এলাকায় ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে সভা করার পরেই আগামী ১৬ এপ্রিল ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে নির্বাচনী জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি বিধানসভার চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি এলাকার একটি ফুটবল মাঠে এই জনসভা হবে বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যেই মাঠের যাবতীয় অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। সভাস্থলের পাশেই করা হবে একটি অস্থায়ী হেলিপ্যাড । হেলিপ্যাডের জন্য প্রাথমিক পর্যায়ের সমস্ত কাজ গুটিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী ১৯ এপ্রিল বঙ্গে যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তারমধ্যে অন্যতম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এবং সেই নির্বাচনের শেষ প্রচার পর্বে সামিল হবেন মুখ্যমন্ত্রী। গত নির্বাচনে বিজেপি এখানে জিতেছিল, তাই তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের অবস্থান মজবুত করতে শেষ মুহূর্তের প্রচার হিসেবে তিনি এদিন সভা করবেন। তাই এই সভায় প্রায় ৩০ হাজার মানুষের সমাগম আশা করছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি ময়নাগুড়ির বেশ কিছু জ্বলন্ত সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়েও কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই বিষয়ে তাকিয়ে রয়েছেন ময়নাগুড়িবাসী। এই বিষয়ে ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন,” মুখ্যমন্ত্রীকে কিছু বলার আগেই তিনি সমস্ত কিছু করে দেন। তিনি সমস্ত বিষয়গুলি জানেন এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি ময়নাগুড়ির সমস্যা নিয়েও এই সভায় বলবেন। আগামী ১৬ তারিখ পশ্চিম শালবাড়ি এলাকায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এই সভার সুরক্ষা সংক্রান্ত সমস্ত  বিষয় খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। এই সভায় ৩০ হাজার মানুষের ভিড় হতে পারে ।” জলপাইগুড়ির  তৃণমূল নেতৃত্ব ও  কর্মী সমর্থকরা জানেন  বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান রক্ষাকবচ মমতা বন্দোপাধ্যায়।।

About Post Author