Home » ‘পঞ্চম দফা দাবি কার্যকর না হলে কর্মবিরতি চলবে’, ঘোষণা জুনিয়র ডাক্তারদের

‘পঞ্চম দফা দাবি কার্যকর না হলে কর্মবিরতি চলবে’, ঘোষণা জুনিয়র ডাক্তারদের

সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর আন্দোলনের ৪২ দিন অতিক্রান্ত। কিন্তু, বিচারের দাবিতে এখনও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। রাজ্যের সঙ্গে ফের বৈঠকে বসতে চেয়ে বুধবার মুখ্যসচিবকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। এরপরই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ পাল্টা মেল করে জানিয়েছিলেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে রাজি রাজ্য সরকার। কিন্তু, নবান্ন সভাঘরে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পরও হতাশ জুনিয়র ডাক্তাররা। বৈঠক শেষে নবান্ন থেকে বেরিয়ে তাঁরা জানিয়েছেন, বৈঠকে কিছু দাবি মানা হলেও কোনও মিনিটসে সই করেননি তারা। কেননা মিনিটসে শুধু সুপ্রিম কোর্টে যে নিরাপত্তার বিষয়গুলো বলা ছিল সেগুলি‌ই রয়েছে। পঞ্চম দফা দাবি নিয়ে আলোচনা যেহেতু মিনিটসে নেই, তাই মিনিটসে স‌ই করেননি আন্দোলনকারীরা। সেকারণেই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তাঁরা এখনই সরে আসবেন না। এরপরই জুনিয়র ডাক্তাররা বলেন, এদিনের আলোচনা হতাশাজনক। সরকারের তরফে পাঠানো কিছু ডিরেক্টিভ দেখেই অবস্থান-বিক্ষোভ বা কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পঞ্চম দফা দাবি কার্যকর না হলে কর্মবিরতি যেমন চলছে, তেমনই চলবে।

আরও পড়ুন         Salvatore Schillaci: প্রয়াত ইতালির প্রাক্তন ফুটবলার সালভাতোর স্কিলাচ্চি

প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ এবং ছাত্র সংসদ নির্বাচন। আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের ভূমিকাও ইতিবাচক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সদার্থক আলোচনা হয়েছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মানা হয়নি বলেই অভিযোগ। স্বাস্থ্যসচিবকে এখনও সরানো হয়নি।

উল্লেখ্য, আরজিকরের জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবির কথা তুলেছেন, সেগুলি হল— প্রথমত, আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয়ত, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িতদের চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পঞ্চমত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা।

#CMMamataBanerjee  #ChiefSecretaryManojPanth  #SwasthaBhavan   #RGkarHospital  #RGKARDoctorDeath 

#Latestbengalinews  

About Post Author