Home » Tirupati Laddu Controversy: তিরুপতির লাড্ডু গিয়েছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবেও, দাবি প্রধান পুরোহিতের

Tirupati Laddu Controversy: তিরুপতির লাড্ডু গিয়েছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবেও, দাবি প্রধান পুরোহিতের

সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বরঃ  তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে গরুর চর্বি ও মাছের তেল ব্যবহারের অভিযোগ আগেই উঠেছিল। তা নিয়ে ল্যাব রিপোর্টও হাতে পেয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার। যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই অভিযোগ সম্পূর্ণ সত্য। এই তথ্য লোক সমক্ষে আসার পর থেকেই চাঞ্চল্য তৈরি হয়েছে রক্ষণশীল হিন্দু সমাজের মধ্যে। এদিন নতুন খবর উঠে এসেছে, গত জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে রাম মন্দিরে যে প্রসাদ হিসেবে ৩০০ কেজি লাড্ডু বিলানো হয়েছিল। তা এই তিরূপতি মন্দিরেরই লাড্ডু। এখান থেকেই পাঠানো হয়েছিল অযোধ্যায়। রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস স্বয়ং এই খবর জানিয়েছেন।

আরও পড়ুনঃ আরও ভয়াবহ রাজ্যের বন্যা পরিস্থিতি, খানাকুলে জলের তোড়ে ভেসে গেল দোতলা বাড়ি, প্লাবিত শতাধিক গ্রাম

রাম মন্দির উদ্বোধনের দিন অনুষ্ঠানে যে লাড্ডু বিলানো হয়েছিল তা তিরুপতি মন্দিরের। এখন সেই লাড্ডু নিয়ে বিতর্ক আদালতে পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার এবিষয়ে মুখ খুললেন রামমন্দিরের প্রধান পুরোহিত। তিনি বলেছেন, ‘মন্দিরের ট্রাস্ট বলতে পারবে ঠিক কত কেজি লাড্ডু এসেছিল তিরূপতি থেকে। এটা আমার জানা নেই। তবে এটা মনে আছে যত লাড্ডু আনা হয়েছিল সবই ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল। তবে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে অনুমান করা হচ্ছে, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তবে যদি এই অভিযোগ সত্যি হয় তবে তা ক্ষমার অযোগ্য। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ।” আর এক দিকে রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, “এই বিষয়ে আমি মন্তব্য করলে সেটা ঠিক হবে না। কারণ ১৯৮১ সালে আমি একবার মাত্র তিরূপতি মন্দিরে গিয়েছিলাম। তবে সেদিন লাড্ডু নয় ভক্তদের শুধুমাত্র এলাচের দানা বিলি করা হয়েছিল।”

আরও পড়ুনঃ চুল ঝরার সমস্যায় নাজেহাল? পুজোর আগে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন

উল্লেখ্য, রামমন্দিরের উদ্বোধনে সেদিন অযোধ্যায় উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভাগবত সঙ্গে কয়েক হাজার ভিআইপি। কার্যত ওইরকম একটা অনুষ্ঠানের প্রসাদী রূপে দেওয়া ভগবানের লাড্ডুতে গরুর চর্বি ছিল, খবর বাইরে আসা মাত্র তোলপাড় শুরু হয়ে গিয়েছে দেশের একাংশে। বলে রাখা দরকার, গত বুধবার বিধায়কদের এক বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে লাড্ডুতে ইচ্ছাকৃতভাবে পশুর চর্বি ব্যবহার করা হত। আঁশ খাবার যেখানে মন্দির প্রাঙ্গনে কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে মন্দিরের প্রসাদ তৈরিতে ব্যবহার করা হত মাছের তেল। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর তা পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের প্রসাদী লাড্ডু। এই নিয়ে পাল্টা দিয়েছিল কংগ্রেসও। তাঁরা মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে বলছিলেন, বিদ্বেষ ছড়ানোর জন্য এই অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল সেই ব্রান্ডের বিরুদ্ধেও যারা কংগ্রেস আমলে লাড্ডু তৈরির ঘি সরবরাহ করেছিল। এদিন জানা গেল ওই গুরুর চর্বি  ও মাছের তেল মিশ্রিত লাড্ডু শুধু তিরূপতি নয় পৌঁছে গিয়েছিল রাম মন্দিরেও।

About Post Author