Home » চলন্ত ট্রেনেই এটিএম, ভারতীয় রেলওয়ের অভিনব উদ্যোগ

চলন্ত ট্রেনেই এটিএম, ভারতীয় রেলওয়ের অভিনব উদ্যোগ

সময় কলকাতা ডেস্ক:- চলন্ত ট্রেনেই এ বার এটিএম (অটোমেটেড টেলার মেশিন) ব্যবহারের সুযোগ পেতে চলেছেন যাত্রীরা। সেন্ট্রাল রেলওয়ে মুম্বই-মানমাড় পঞ্চবটী এক্সপ্রেসে পরীক্ষামূলক ভাবে এই সুবিধা দিতে চলেছে। বাতানুকুল চেয়ার কার কোচে এটিএম বসিয়েছে একটি বেসরকারি ব্যাঙ্ক।

সূত্রের খবর, সেন্ট্রাল রেলওয়েতে চলন্ত ট্রেনে এটিএম ব্যবহার কার্যকর হলে, রেলের অন্য জোনগুলিতে ধাপে ধাপে এই ব্যবস্থা চালু হবে। পঞ্চবটী এক্সপ্রেসে যাতায়াত করেন মূলত নিত্যযাত্রীরা। প্রতিদিন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছেড়ে ওই ট্রেন নাসিকের মানমাড় জংশন স্টেশনে যায়। যেতে সময় লাগে ৪ ঘণ্টা ৩৫ মিনিট। সুবিধাজনক সময়ে দুই শহরের মধ্য়ে যাতায়াতের জন্য পঞ্চবটী এক্সপ্রেস জনপ্রিয় ট্রেন।

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নিল নীলা জানিয়েছেন, বাতানুকুল চেয়ার কার কোচের পিছনের একটি কিউবিকলে এটিএম বসানো হয়েছে। ওই জায়গায় আগে অস্থায়ী প্যানট্রি ছিল। চলন্ত ট্রেনে এটিএম ব্যবহার করতে যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য কিউবিকলে শাটার দরজা লাগানো হয়েছে। একই সঙ্গে ওই অফিসার জানান, ওই কোচের মডিফিকেশনের কাজ চলছে মানমাড় রেলওয়ে ওয়ার্কশপে।

About Post Author