Home » গোহত্যা বন্ধ ও রফতানি : মোদিকে উদ্ধৃত করে শুভেন্দুকে আক্রমণ নওশাদের, আদতে কে কী বলেছেন? সত্যিটা কী?

গোহত্যা বন্ধ ও রফতানি : মোদিকে উদ্ধৃত করে শুভেন্দুকে আক্রমণ নওশাদের, আদতে কে কী বলেছেন? সত্যিটা কী?

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর :  সম্প্রতি নওশাদ সিদ্দিকীর একটি ভিডিও ভাইরাল যেখানে তিনি দাবি করেছেন যে একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বঙ্গে গোহত্যা নিষিদ্ধ করার ফরমান জারি করতে চলেছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো- মাংস রফতানিতে ভারতের শ্রেষ্ঠত্বের কথা দাবি করছেন। আদতে বিষয়টি ঠিক কি? কে কী বলেছেন? সবচেয়ে বড় প্রশ্ন, প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে আদেও কি বিফ রফতানিতে ভারত দ্বিতীয় এমন কথা কী বলেছিলেন!

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ২০২৬ সালের ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গোহত্যা বন্ধের ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, রাজ্যে গোহত্যা বন্ধ করার কথা বলা হলেও দেশ থেকে বিদেশে মাংস (বিফ) রপ্তানি করা হচ্ছে এবং তা বন্ধ করার আগে প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরের বক্তব্যের উল্লেখ করেন (বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম  এবং ইউটিউবে তাঁর এই বক্তব্যের ভিডিও প্রকাশিত হয়েছে)। তিনি আমডাঙায় আইএসএফের এক সমাবেশে এই বক্তব্য রাখেন। আইএসএফ বিধায়ক এর বক্তব্যের আগের দিন, অর্থাৎ ২০২৬ সালের ২৩ নভেম্বর,  রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে গোহত্যা বন্ধে ১৯৫০ সালের আইন কঠোরভাবে বলবৎ করা এবং প্রয়োজনে বিধানসভায় নতুন বিল আনার ঘোষণা দিয়েছিলেন। তারই প্রতিক্রিয়ায় পরদিন নওশাদ সিদ্দিকী ওই মন্তব্য করেন। দেখা যাক সত্যিটা কী!

তবে নওশাদ সিদ্দিকী মোদির যে বক্তব্যের কথা উল্লেখ করেছেন, তা মূলত ২০২৬ সালের ১১ জুলাই নিউজিল্যান্ডের অকল্যান্ডে দেওয়া প্রধানমন্ত্রীর একটি ভাষণের ভাইরাল হওয়া ক্লিপকে কেন্দ্র করে প্রচারিত হয়েছিল। তবে পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) এবং বুম (BOOM)-এর তথ্য যাচাই অনুযায়ী, প্রধানমন্ত্রী ওই ভাষণে ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‘বিফ’ (গরুর মাংস) উৎপাদনকারী বলেননি, বরং তিনি ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‘হুইট’ (গম) উৎপাদনকারী হিসেবে উল্লেখ করেছিলেন। উচ্চারণগত কারণে হুইটকে বিফ শোনালেও প্রধানমন্ত্রী বিফ রপ্তানির কথা বলেননি।

বাস্তব কী? বিফ রপ্তানিতে বিশ্বের প্রথম স্থান ব্রাজিলের। দ্বিতীয় স্থান অস্ট্রেলিয়ার।  অন্যদিকে গম রপ্তানিতেও ভারত প্রথম দুটি দেশের মধ্যে পড়ে না।  প্রথম দুটি স্থান অস্ট্রেলিয়া ও আমেরিকার। ফলে নওশাদ সিদ্দিকীর তথ্যগত বিভ্রান্তি থাকলেও সার্বিক সত্য কেউ বলছেন না, অন্যদিকে যে বক্তব্য ঘিরে এই চৰ্চা – সেই বক্তব্য এখনো লাগু হয়নি। “গোমাতা” হত্যা বন্ধ করতে আদৌ রাজ্য সরকার সফল হবে কিনা, তাও কোটি টাকার প্রশ্ন। ইতিমধ্যেই বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সাংবিধানিক ও আইনিভাবে অসম্ভব একটি দাবি বলে ব্যক্ত করেছেন।।

About Post Author