পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন : রাজ্যের কোন এক প্রান্তে একটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি বিশেষ অনুষ্ঠান আর তা যেন বহন করে আনল বিরাট এক বার্তা। এলাহী বক্স হাই মাদ্রাসা যেন ম্যাজিক বক্স। বুধবার বারাসাতের ময়নাগদী এলাহী বক্স এ.ইউ. হাই মাদ্রাসা কার্যত রাজ্যে পথিকৃৎ হয়ে জানান দিল উপযুক্ত পরিকাঠামো থাকলে একটি শিক্ষা প্রতিষ্ঠান কতটা আলো ছড়িয়ে দিতে পারে সমাজের বুকে। স্কুলের শিক্ষক দীপ্ত লস্কর যেন উচ্চারণ করলেন আপ্তবাক্য। তিনি বললেন উপযুক্ত পরিকাঠামো থাকলে একটি মাদ্রাসা শিক্ষার পিঠস্থান এবং বিজ্ঞানমনস্কতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। আর সেরকমই একটি বিজ্ঞান প্রদর্শনী এবং উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তোলার জন্য ময়নার মাদ্রাসাটিতে।
এদিন সুবক্তা শিক্ষক দীপ্ত লস্কর সুস্পষ্ট করে দিলেন, কেন এলাহী বক্স হাই মাদ্রাসার স্বতন্ত্র। তিনি পরিষ্কার করে সরকারের শিক্ষানীতি সম্পর্কে বলেন, মাদ্রাসার ক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো থাকলে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা আগের মতই থাকবে। প্রসঙ্গত, ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বরাদ্দ বেশ কিছুটা কমিয়ে ২,১৬৫ কোটি টাকা করা হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, ধর্মভিত্তিক আলাদা আর্থিক সহায়তা প্রকল্পগুলি বন্ধ করে সকল নাগরিকের জন্য উন্মুক্ত সাধারণ উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমেই শিক্ষা ও পরিকাঠামোগত সুবিধা প্রদান করা হবে।যেসব মাদ্রাসা সরকারি নিয়ম মেনে উপযুক্ত পরিকাঠামো ও শিক্ষার মান বজায় রাখছে, তাদের ক্ষেত্রে আর্থিক সহায়তা অব্যাহত থাকছে; কিন্তু পরিকাঠামোহীন বা অনিয়মিত প্রতিষ্ঠানগুলো আর সরকারি অনুদান পাবে না। আর এখানেই যেন উজ্জ্বল ময়নার হাই মাদ্রাসাটি।উপযুক্ত পরিকাঠামো থাকা, বিজ্ঞানের পড়ুয়াদের ল্যাবরেটরি থাকা এলাহী বক্স হাই মাদ্রাসা বিজ্ঞানভিত্তিক এক কর্মসূচির আয়োজন করে বুঝিয়ে দিল রাজ্য সরকারের সহযোগিতা অবারিত থাকবে তাদের মতো পরিকাঠামো সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এই বিজ্ঞানভিত্তিক কর্মসূচি ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিএসসি উত্তর চব্বিশ পরগনার চেয়ারম্যান ড. মোহন কুন্ডু মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ এবং বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জী।
প্রদর্শনীতে পড়ুয়াদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রকল্প ঘুরে দেখেন অতিথি এবং অভ্যাগতরা । খুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা এবং মাদ্রাসা কর্তৃপক্ষের এই গঠনমূলক প্রয়াসের প্রশংসা করে বিধায়ক শঙ্কর চ্যাটার্জী বলেন, বর্তমান যুগে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি, আর এই মাদ্রাসা সেই কাজটিই অত্যন্ত সফলভাবে করছে।পাশাপাশি মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষও ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং পঠনপাঠনের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক ও বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। শুধু তাই নয় রথীন ঘোষ তার বিধানসভার অন্তর্গত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এমএলএ ফান্ড থেকে শব্দবিহীন জেনারেটরের ব্যবস্থা করে দেবেন।
এদিন এলাহী বক্স মাদ্রাসা আর একটি না বলা কথাও যেন তুলে ধরল। জানান দিল, শিক্ষা সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে। শিক্ষার কর্মকাণ্ড এবং বিজ্ঞান মনস্কতা রাজনৈতিক বিতর্কের-ও উর্ধ্বে নইলে কি আর এক মঞ্চ আলোকিত করতে পারতেন বারাসাতের বিজেপি বিধায়ক শংকর চ্যাটার্জী আর মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ যার রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট নয়। তিনি গণতান্ত্রিক তৃণমূল নাকি কালীঘাট তৃণমূলে আছেন তা নিয়ে বিতর্ক থাকলেও শিক্ষামূলক অনুষ্ঠানে বিজেপি বিধায়কের পাশে তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়ককে দেখতে পাওয়ার মধ্যে বিতর্ক নেই। শিক্ষা সব বিতর্কের ঊর্ধ্বে এবং শিক্ষা ধর্মের ভেদাভেদ ও মতাদর্শের ভেদাভেদের উর্দ্ধে তার প্রমাণ দিল ময়নাগদি এলাহী বক্স হাই মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠান ও তার বিজ্ঞানমনস্ক কর্মকাণ্ড এও জানিয়ে গেল শিক্ষার আলোই যাবতীয় অন্ধকার দূর করে ছড়িয়ে দিতে পারে সমাজে আলো।।


More Stories
চোরদের স্বর্গরাজ্য! চোর গাঁটকাটাদের মুক্তাঞ্চল গয়েরকাটা!
বিজেপি নেতার “দাদাগিরি”র অডিও ভাইরাল , সময় কি সত্যি বদলেছে?
গুরুতর অসুস্থ রেখাপাত্র, অবস্থা উদ্বেগজনক