Home » চা বাগানের পণ্যবাহী কন্টেনারেই স্কুল যাত্রা! শিশু স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা শিকেয়!

চা বাগানের পণ্যবাহী কন্টেনারেই স্কুল যাত্রা! শিশু স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা শিকেয়!

সানি রায়,সময় কলকাতা, ২৬ নভেম্বর : মাথাব্যথা নেই কারও! চা বাগানের খুদে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা ও যাতায়াত সুরক্ষা নিয়ে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের !চা বাগানের পণ্যবাহী কন্টেনারেই স্কুল যাত্রা! পোল্ট্রির মুরগির মতো জাল ঘেরা গাড়িতে ঠাসাঠাসি খুদে পড়ুয়ারা, বড় দুর্ঘটনার আশঙ্কা ডুয়ার্সে। আপার চ্যাংমারির দুঃস্বপ্নের  ঘটনার রেশ কাটতে না কাটতেই ডুয়ার্সের অন্যান্য চা বাগানগুলিতে সামনে আসছে আরও উদ্বেগজনক ছবি।

বাগানের চা পাতা বহনের গাড়িতেই স্কুলে যাতায়াত করতে হচ্ছে পড়ুয়াদের! কোথাও ভগ্নদশা অ্যাম্বুল্যান্স, কোথাও টোটো, আবার কোথাও পণ্যবাহী কন্টেনার ট্রাকই ভরসা। আপার চ্যাংমারির দুর্ঘটনার পরেও কি শিক্ষা নেবে না চা বাগান কর্তৃপক্ষ?

স্কুলে যাওয়ার কথা নিরাপদ স্কুল বাসে। কিন্তু ডুয়ার্সের একাধিক চা বাগানের খুদে পড়ুয়াদের কাছে স্কুলে যাতায়াত যেন প্রতিদিনের এক জীবনযুদ্ধ। কখনও পণ্যবাহী কন্টেনার ট্রাক, কখনও ভগ্নদশা অ্যাম্বুল্যান্স, আবার কখনও টোটোতে গাদাগাদি করে স্কুলে যেতে হচ্ছে তাদের। নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা ছাড়াই বছরের পর বছর ধরে চলছে এই ঝুঁকিপূর্ণ যাতায়াত। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কার্যত নির্বিকার চা বাগান কর্তৃপক্ষ এবং স্কুল পরিচালন কর্তৃপক্ষ বলে অভিযোগ। সম্প্রতি ডুয়ার্সের আপার চ্যাংমারি চা বাগানে ঘটে যাওয়া দুর্ঘটনা যেন এই সমস্যার ভয়াবহতাকেই সামনে এনে দিয়েছে। গত ২৩ নভেম্বর বাগানের ভিতরের রাস্তা দিয়ে স্কুল পড়ুয়াদের বাড়ি পৌঁছে দেওয়ার সময় একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় তিনজন চা শ্রমিক-সহ মোট ১২ জন পড়ুয়া গুরুতর জখম হয়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।

এই ঘটনার পরদিনই বাগানের গেটের সামনে একত্রিত হয়ে আন্দোলনে নামেন চা শ্রমিকরা। দিনভর চলে বিক্ষোভ। তাঁদের মূল দাবি ছিল, পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়া এবং বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অবিলম্বে নিরাপদ স্কুল বাসের ব্যবস্থা করতে হবে। শেষ পর্যন্ত বাগান ম্যানেজমেন্ট স্কুলবাস দেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা। জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকার হোলি ক্রস স্কুলের পড়ুয়াদের যাতায়াতের চিত্র রীতিমতো আতঙ্কের। স্কুল ছুটির পর জাতীয় সড়ক থেকে শুরু করে চা বাগানের ভিতরের রাস্তা সর্বত্রই দেখা যাচ্ছে পণ্যবাহী কন্টেনার ট্রাক এবং টোটোতে করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে।

অভিযোগ, যে কন্টেনার ট্রাকে চা বাগান থেকে কাঁচা চা পাতা তুলে কারখানায় নিয়ে যাওয়া হয়, সেই একই গাড়িতে চাপিয়ে স্কুল পড়ুয়াদের যাতায়াত করানো হচ্ছে। কন্টেনারের জালঘেরা অংশে ছোট ছোট শিশুদের কার্যত গাদাগাদি করে বসিয়ে কিংবা ঝুলিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য সামনে এসেছে। শুধু তাই নয়, গাড়ির চালকের কেবিনেও একাধিক পড়ুয়াকে ঠাসাঠাসি করে নিয়ে যাওয়া হচ্ছে। যা যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোলি ক্রস স্কুলে মোরাঘাট টি স্টেট, বিন্নাগুড়ি টি স্টেট এবং রিয়াবাড়ি টি গার্ডেন-সহ একাধিক চা বাগানের পড়ুয়াদের জন্য স্কুলবাসের ব্যবস্থা রয়েছে। কিন্তু কারবালা টি স্টেট, চুনাভাটি চা বাগান-সহ আরও কয়েকটি বাগানের পড়ুয়াদের ক্ষেত্রে সেই পরিষেবা নেই। তাঁদের ভরসা বাগান কর্তৃপক্ষের দেওয়া পণ্যবাহী ট্রাক, ক্যান্টার, ভগ্নদশা অ্যাম্বুল্যান্স কিংবা টোটো। স্থানীয়দের দাবি, স্কুলের সূচনালগ্ন থেকেই এইভাবেই যাতায়াত করতে অভ্যস্ত হয়ে উঠেছে ছোট ছোট পড়ুয়ারা। ঝুঁকি যে রয়েছে, তা বোঝার বয়সও হয়নি অনেকের। বরং বাগান থেকে গাড়িতে করে স্কুলে পৌঁছতে পারাটাই তাদের কাছে আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দের আড়ালে যে কত বড় বিপদ লুকিয়ে রয়েছে, তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে অভিভাবকদের মধ্যে।
সবচেয়ে বড় প্রশ্ন, আপার চ্যাংমারির মতো দুর্ঘটনার পরেও কেন অন্যান্য চা বাগানে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও উদ্যোগ চোখে পড়ছে না? স্কুল কর্তৃপক্ষের তরফেও কেন এই বিষয়ে আরও কড়া পদক্ষেপ করা হচ্ছে না, উঠছে সেই প্রশ্ন।

স্কুল খুদে পড়ুয়াদের পড়ুয়াদের বক্তব্য, তাঁদের যাতায়াতের সমস্যার কথা জানানো হলেও বিকল্প কোনও ব্যবস্থা তাঁদের জানা নেই। অন্যদিকে, পণ্যবাহী ট্রাক ও ক্যান্টারের চালকদের একাংশের দাবি, তাঁরা বাগান কর্তৃপক্ষের নির্দেশেই পড়ুয়াদের নিয়ে যাতায়াত করেন। ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তাঁরা। তাঁদের আশঙ্কা, প্রকাশ্যে এই বিষয়ে কথা বললে চাকরি হারাতে হতে পারে। পেটের দায়েই ঝুঁকি জেনেও এইভাবে পড়ুয়াদের নিয়ে যেতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাঁদের।
এখন প্রশ্ন, কোনও বড় দুর্ঘটনা ঘটার পরেই কি নড়েচড়ে বসবে প্রশাসন ও বাগান কর্তৃপক্ষ? নাকি তার আগেই ডুয়ার্সের চা বাগানের খুদে পড়ুয়াদের জন্য নিশ্চিত করা হবে নিরাপদ স্কুল যাত্রা? উত্তর এখনো অজানা।

পণ্যবাহী কন্টেনারেই স্কুল যাত্রা! #চাবাগান #উত্তরবঙ্গ

About Post Author