সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৭ সেপ্টেম্বর: অবশেষে খরা কাটল ব্রাজিলের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গত তিন ম্যাচে হারতে হয়েছিল। অবশেষে জয়ের মুখ দেখল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১-০ গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল। দলের হয়ে জয়সূচক গোল করলেন রদ্রিগো। এই জয়ের ফলে ব্রাজিল উঠে এল পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে।
কোপার সেমিফাইনালে হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও শেষ চারটি ম্যাচে জয় অধরা। শনিবার ইকুয়েডরের বিরুদ্ধে জয় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল শিবিরে। যদিও দলের খেলা নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না সমর্থকরা। বল নিজেদের দখলে বেশি রাখলেও গোটা ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলেছে ব্রাজিল। দলের মধ্যে বোঝাপড়ার অভাবও খুব স্পষ্ট। নিজেদের মধ্যে অসংখ্য মিস পাস করলেন দোরিভাল জুনিয়রের শিষ্যরা। শুধু তাই নয় বিপক্ষের গোলরক্ষককেও খুব বেশি পরীক্ষার মুখে ফেলতে পারেননি ভিনিরা। যেটুকু চেষ্টা করার করছিলেন একমাত্র রদ্রিগো।

খেলার প্রথমার্ধে ব্রাজিল অনেক সুযোগ পেয়েও মাত্র দুটি বল রাখতে পেরেছিল সঠিক টার্গেটে। সেই দুটি শটই এসেছে রদ্রিগোর পা থেকে। ইকুয়েডরের গোলরক্ষক তাঁর প্রথম ফ্রি কিক আটকে দিলেও, রুখতে পারেননি দ্বিতীয় শটটি। মিডফিল্ডার লুকাস পাকেতার বাড়িয়ে দেওয়া পাশে ইকুয়েডরের গোল টার্গেট করে শট নেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডারের গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। গোলটি বাঁচানোর কোনও সুযোগ পাননি ইকুয়েডরের গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে ব্রাজিল।

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে রদ্রিগো বলেছেন “ভালো খেলেই হোক বা খারাপ খেলে এই জয়টা আমাদের খুব দরকার ছিল। এতে গোটা দলের আত্মবিশ্বাস বাড়বে। আশা করছি আগামীতে ইতিবাচক ফুটবল খেলব।” বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তালিকায় আপাতত আর্জেন্তিনা ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ব্রাজিলের ৭ ম্যাচে দাঁড়াল ১০ পয়েন্ট।
#RealMadridstarforwardRodrigo
#Ecuador
#Brazil


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক