সময় কলকাতা ডেস্ক:- বুধবারই ফেরার কথা ছিল। বেহালার সখেরবাজারের বাড়িতে ফিরবে সমীর গুহ ঠিকই তবে কফিন বন্দি হয়ে। স্ত্রী-মেয়েও ফিরছেন। সঙ্গে জমাট বাঁধা আতঙ্ক আর একরাশ হতাশা নিয়ে। এ দিন সন্ধ্যায় সমীরের দেহ ফিরবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। সমীরের বাবা-মা প্রয়াত হয়েছেন। ছত্তিসগড়ে রায়পুরে তাঁর এক দাদা থাকেন। গত ১৬ এপ্রিলে মেয়ে-স্ত্রীকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান সমীর। বেড়ানোর শখ রয়েছে দীর্ঘদিন ধরে। ছুটি পেলেই পরিবারকে নিয়ে বেড়াতে ভালোবাসতেন। তবে কাশ্মীর যাত্রা জীবনে প্রথম। আবার শেষও।
সমীরের শ্যালক জানিয়েছেন, ‘এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। ঘুরতে গিয়ে এরকম হবে কেউ ভাবতে পারেননি। দুর্ঘটনা ঘটলে অন্য বিষয়, কিন্তু এরকম জঙ্গি হামলায় মারা যেতে হবে, সেটা ভাবা যায় না।’ কাশ্মীরে সেই পুরোনো আতঙ্কের পরিবেশ ফিরে আসায় স্তম্ভিত পরিবার। তিনি বলেন, ‘কাশ্মীরে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ঘটেনি। আমরা ভেবেছিলাম সব ঠিক হয়ে গিয়েছে। এই ঘটনাটা প্রমাণ করে দিল কাশ্মীরে কিছুই ঠিক হয়নি।’
জঙ্গি হামলার খবর পাওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। সমীরের শ্যালক জানান, রাত ৩টে নাগাদ বাড়িতে একটি ফোন আসে। এক গাড়ি চালকের ফোন থেকে সমীরের স্ত্রী শবরী দুঃসংবাদ জানান। কথা বলার মতো অবস্থায় ছিলেন না তিনি। সেই থেকে আজ সকাল পর্যন্ত নতুন করে কথা হয়নি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?