সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাতিল হয়েছে পাকিস্তানিদের ভিসাও। তবে শাহী নির্দেশিকা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
নিয়ম অনুযায়ী, পাকিস্তান থেকে বিবাহসূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাঁকে পাঁচ বছরের জন্য ‘এলটিভি’ দেওয়া হয়। এর পর থেকে এক বা দু’বছরের ভিসা দেওয়া হয়। সেই ভিসা পুনর্নবীকরণের জন্য পাক নাগরিকদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় গোয়েন্দাদের। শাহের নতুন নির্দেশের,পর প্রশ্ন উঠছে, তাহলে লং টার্ম ভিসাধারীদেরও কি এবার ভারত ছাড়তে হবে?
পাক নাগরিকদের দেশ ছাড়ার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর, সময়সীমা শেষ হওয়ার পরেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে অমিত শাহ’র বার্তা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রত্যেক রাজ্যকে খুঁজে দেখতে হবে কতজন পাকিস্তানি রয়েছেন। তাঁদের দ্রুত ফেরত পাঠাতে হবে। তবে প্রশ্ন উঠছে, লং টার্ম ভিসাধারী পাকিস্তানিদের কী হবে? কলকাতা গোয়েন্দাদের সূত্র বলছে, এখনও পর্যন্ত ‘লং টার্ম ভিসা’ বা ‘এলটিভি’ নিয়ে ৩০ জন পাকিস্তানি রয়েছে কলকাতায়। তাঁদের মধ্যে একটি বড় অংশই গৃহবধূ। এই পাক-নাগরিকদের মধ্যে কয়েকজন অনেক বছর ধরেই রয়েছেন কলকাতায়।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। নয়াদিল্লির তরফে হামলার পরদিনই ঘোষণা করা হয়েছে, পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়। সেই সঙ্গে ঘোষণা করে দেওয়া হয়, আগামী দিনে আর কোনও পাক নাগরিক ভারতের ভিসা পাবে না। এমনকী সার্ক দেশভুক্ত দেশগুলিকে যে বিশেষ ‘এসভিইএস’ ভিসা দেওয়া হয় সেটাও বাতিল করা হয়। পাক নাগরিকদের মধ্যে যারা মেডিক্যাল ভিসায় এ দেশে রয়েছেন, আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে তাঁদেরও।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
কেক কেটে ঈদ উদযাপন