Home » টিটাগড়ে পুর প্রধানের আবাসনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

টিটাগড়ে পুর প্রধানের আবাসনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

সময় কলকাতা ডেস্ক:- সোমবার বিস্ফোরণ টিটাগড়ে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনে বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ওই আবাসনেই রয়েছে টিটাগড় পুরসভার প্রধানের ফ্ল্যাট। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের তিন-চারটি ঘর ভেঙে গিয়েছে। এমনকী চিলেকোঠার একদিকের দেওয়াল উড়ে গিয়ে পড়েছে পাশের বস্তিতে। তবে ঘরে কেউ না থাকায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বহুতলের ঘরে কারা বোমা মজুত করে রেখেছে খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ঘরটিতে কোনও তালা দেওয়া থাকত না ফলে যে কেউ সেখানে যেতে পারে। অন্যদিকে, আবাসনের প্রোমোটারের দাবি, ওই আবাসনে একটি ফ্ল্যাট দখল করে রেখেছেন তৃণমূল কাউন্সিলার। যদিও এ বিষয়ে কাউন্সিলরের তরফে কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি। ঘটনার সময় আবাসনের ওই ফ্ল্যাটে ছিলেন না তৃণমূল কাউন্সিলার। ফাঁকাই ছিল ফ্ল্যাট বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় গোটা পাড়ার। সাংঘাতিক আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। এলাকারই একটি আবাসনের চিলেকোঠায় ঘটে বিস্ফোরণটি। পুরো আবাসন জুড়ে বারুদের গন্ধ ভরে রয়েছে বলে দাবি বাসিন্দাদের।

খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে আবাসনটিকে ঘিরে ফেলে টিটাগড় থানার পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, ফ্ল্যাটে মজুত ছিল বোমা। সেই বোমা থেকেই বিস্ফোরণ বলে অনুমান। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author