Home » গুডবাই দ্রাবিড় স্যার! সৌরভ যা বলেছিলেন তা করে দেখিয়েছেন রাহুল

গুডবাই দ্রাবিড় স্যার! সৌরভ যা বলেছিলেন তা করে দেখিয়েছেন রাহুল

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ৩০ জুন : তাহলে বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে  সৌরভ গঙ্গোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন! ২০২১ সালে  সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার হেডকোচ ঘোষণা করেন। ২০২১ সালে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ থেকে   বছর তিনেক ধরে রাহুল দ্রাবিড়ের ভারতের কোচিং জীবন ছিল সাফল্যে ভরা। অনেক ক্ষেত্রে পূর্বতন কোচ রবি শাস্ত্রীকে ছাপিয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়। সবচেয়ে বড় কথা, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন ভারতকে।

২০২১ সালের নভেম্বর মাসে রাহুল দ্রাবিড়ের ভারতীয় কোচ হিসেবে নাম ঘোষণার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ,এনসিএ-তে রাহুলের প্রচেষ্টা বেশ কিছু তরুণ ক্রিকেট প্রতিভাকে লালন করেছে যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে গেছে।
আমি আশাবাদী যে তার নতুন কার্যকাল ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অল্প সময়ের ব্যবধানে তিনটে আইসিসি টুর্নামেন্ট, দুটিতে রানার্স আপ এবং অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন।রাহুল- রোহিত জুটি শেষপর্যন্ত সাফল্যের মুখ দেখলেন যা পর্যায়ক্রমে উত্তরণের পথ । ২০০৩ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনাল জিততে পারেন নি রাহুল । সেই দুঃখ ভুললেন ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ হিসাবে তাঁকে চয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক রোহিত শর্মাকে বিরাট কোহলিকে সরিয়ে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার মতই। সিদ্ধান্ত দুটি সফল হলেও  টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মার অবসরের মতই পূর্ব ঘোষণা অনুযায়ী সরে দাঁড়ালেন  রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় যুগের অবসানের সময় দেখা যাবে, দ্রাবিড় যুগে পারফরম্যান্সের দিক থেকে কোন ঘাটতি নেই ভারতের। ৭৭ টি টি-টোয়েন্টি খেলে ৫৫টিতে জয় পেয়েছে ভারত।  দ্রাবিড়- রোহিতের যুগলবন্দীতে  ৫৬ টি একদিনের ম্যাচে ৪১ টিতে জয় এসেছে। রাহুল দ্রাবিড়ের  কোচ থাকাকালীন ২৪ টি ম্যাচ খেলে ১৪ টিতে জয় পেয়েছে ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায় সঠিক কথাই বলেছিলেন, রাহুল দ্রাবিড়ের  কার্যকাল ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নিয়ে গিয়েছেও।

আরও পড়ুন হেনরিক ক্লাসেন : টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রাজিক নায়ক

About Post Author