স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুলাইঃ ইউরো কাপের সুপার সিক্সটিন থেকে ইতিমধ্যে বিদায় হয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইতালির। শনিবার রাতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ০-২ গোলে হেরে গিয়েছে আজুরি ব্রিগেড। রবিবার চলতি ইউরো থেকে প্রায় ছিটকে যেতে বসেছিল ইংল্যান্ড। স্লোভাকিয়ার বিরুদ্ধে ৯৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল থ্রি লায়ন্সরা। কিন্তু শেষ পর্যন্ত অঘটনের হাত থেকে দলকে রক্ষা করলেন হ্যারি কেন ও জুড বেলিংহাম ।

গত মরশুমে ক্লাব দল রিয়াল মাদ্রিদের হয়ে অনবদ্য ফুটবল উপহার দিয়েছেন বেলিংহাম । একাধিক ম্যাচে পিছিয়ে পড়েও তাঁর গোলে প্রত্যাবর্তন করেছে রিয়াল। মাঝমাঠের ফুটবলার হলেও বিপক্ষের বক্সে উঠে গোল করার ব্যাপারে তিনি যে সিদ্ধহস্ত বারবার প্রমাণ দিয়েছেন ইংল্যান্ডের ২১ বছরের তরুণ। জাতীয় দলের হয়ে এবার একই কাজ করে দেখালেন বেলিংহাম। স্লোভাকিয়ার বিরুদ্ধে নির্ধারিত ৯০ মিনিটে ০-১ গোলে পিছিয়ে ছিল গ্যারেথ সাউথগেটের ছেলেরা। শুরু থেকে বিপক্ষের উপর চাপ তৈরি করলেও গোল করতে পারেনি তারা। উল্টে ম্যাচের ২৫ মিনিটে খেলার গতির বিপরীতে গোল পেয়ে যায় সোকোলিরা। নিজেদের অর্ধ থেকে বল পান ডেভিড স্ট্রিলিচ। তিনি বল বাড়ান ইভান শ্রাঞ্জের উদ্দেশ্যে। সেই বল ধরে ইংল্যান্ড ডিফেন্ডার মার্ক গেহিকে পরাস্ত করেন তিনি। তারপর ডান পায়ের শটে বল জড়িয়ে দেন জালে। গোল হজম করে বিপক্ষের রক্ষণে চাপ বাড়ান ফিল ফোডেন, হ্যারি কেনরা। কিন্তু স্লোভাকদের জমাট রক্ষণ তারা ভাঙতে পারেননি। ০-১ গোলে পিছিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।
আরও পড়ুনঃ East Bengal : টিকের জোড়া গোল, অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গলের সাত গোল দিয়ে কলকাতা লিগ শুরু
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ধার বাড়ায় ইংরেজরা। ৫০ মিনিটে ফিল ফোডেনের গোল অফসাইডের জন্য বাতিল হয়। কখনও দুটি প্রান্ত থেকে, আবার কখনও মাঝমাঠ থেকে লং বল খেলে স্লোভাকিয়ার রক্ষণ ভাঙার চেষ্টা করছিল ইংল্যান্ড। কিন্তু সফল হয়নি। বেশ কয়েকবার দলের অবধারিত পতন রুখে দেন স্লোভাক গোলরক্ষক ডুব্রাভকা। ৭৫ শতাংশ বলের দখল রাখলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না ইংল্যান্ড। ৮১ মিনিটে ডেক্লান রাইসের শট পোস্টে লেগে ফেরে। একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ডের বিদায় সময়ের অপেক্ষা। তখনই দলকে সমতায় ফেরান জুড বেলিংহাম। একক দক্ষতায় ব্যাকভলিতে বল জালে জড়িয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা। নির্ধারিত সময়ে ফলাফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে নিজেদের ছন্দ খুঁজে পায় ইংল্যান্ড। প্রথম মিনিটেই হেড করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। দুটি গোল হজমের ক্ষেত্রেই দায়ী করা যায় স্লোভাকিয়ার রক্ষণভাগকে। একটু সতর্ক হলে নতুন ইতিহাস তৈরি করতে পারতেন তারা। গোল হজম করে পাল্টা গোলশোধের চেষ্টা করেছিল স্লোভাকিয়া। কিন্তু শেষরক্ষা হয়নি।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট