Home » বোর্ডের নতুন ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ বিরাটের!

বোর্ডের নতুন ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ বিরাটের!

সময় কলকাতা ডেস্ক:- সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। আইপিএলের জন্য শনিবারই বিভিন্ন দলের সঙ্গে যোগ দিয়েছেন প্লেয়াররা। এরই মধ্যে নতুন ফতোয়া জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবিষয়ে আরসিবির ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিট অনুষ্ঠানে এসে মুখ খুললেন বিরাট। বিসিসিআইয়ের জারি করা কিছু নিয়ম নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সবটা না জেনেবুঝে এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি, এমনটাই জানিয়েছেন তিনি।

বর্ডার গাভাসকর সিরিজে ব্যর্থতার মাথায় রেখে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ৪৫ দিনের বেশি সময়ের বিদেশ সফরে মাত্র ১৪ দিন পরিবারের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা। সেটাও প্রথম ২ সপ্তাহের পরে। সফরের সময়সীমা এর চেয়ে কম হলে, পরিবারের সঙ্গে কাটানোর দিন কমে হবে এক সপ্তাহ।

বিরাট জানিয়েছেন, কোন সফর খারাপ কাটানোর পর কোনও প্লেয়ারই চান না একাকীত্বে ভুগতে। ওই সময় পরিবারের প্রয়োজনীয়তা সব চেয়ে বেশি বলেছেন কোহলি। তাঁর মতে ‘কেউই চায় না একা মন খারাপ করে থাকতে। ওই মানসিক পরিস্থিতি কাটিয়ে উঠে ছন্দে ফেরাটাই লক্ষ্য থাকে সবার। সেটার জন্যই পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। তবেই চেনা ছন্দে খেলতে পারে ওই ক্রিকেটার।’ বিরাট আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ বা প্রভাব ফেলার মতো কোনও ঘটনা ঘটলে, তার পর পরিবারের কাছে ফিরে আসা এবং সময় কাটানো খুব প্রয়োজন। সবাইকে এটা বোঝানো যায় না। খুবই বিরক্ত হয়েছি এই ব্যাপারটায়। মাঠে কী ঘটছে তার উপর পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ থাকে না। তবুও তাঁদের কথাই টেনে আনা হয় আলোচনায়। পরিবারকে সরিয়ে রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটাই ভাবা হয়।’

আইপিএল শেষ হলেই পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে বিরাটের এই মন্তব্যের কোনও প্রভাব পড়ে কি না, সেটাই এখন দেখার।

About Post Author