সময় কলকাতা ডেস্ক:- বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত হয়েছে ১৪ জনের। ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে গত সোমবার থেকে পূর্ব মেদিনীপুরের দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবারই সকালে সোশ্যাল মাধ্যমে তিনি ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। আহতদের সমবেদনা জানানোর পাশাপাশি জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত হবে। একই সঙ্গে টুইটে মুখ্যমন্ত্রীর দাবি, ভিতরে প্রচুর দাহ্য পদার্থ জমা ছিল। এদিকে, এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জানান, রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের পরই আনন্দ পাসোয়ান নামে এক জন আগুন থেকে নিজেকে বাঁচাতে উপর থেকে ঝাঁপ দেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হোটেলের রুম থেকে পরে আরও ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৪। এদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা এবং ১১ জন পুরুষ। এদের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। একই সঙ্গে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
কেক কেটে ঈদ উদযাপন